Advertisement
Us Bangla Airlines
৫০ বার ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

৫০ বার ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

খেলা ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ২০:০১

টেস্ট ক্রিকেটে ৫০ বার ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২১৯ রানের পরাজয়ে এই অনাকাঙ্ক্ষিত মাইলফলক ছুঁয়েছে টাইগাররা। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ১৬৬ ম্যাচ খেলেই এমন ৫০টি হারের সাক্ষী হলো বাংলাদেশ। অর্থাৎ প্রতি তিনটি টেস্টের একটিতে ইনিংস ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে মুশফিক-শান্তদের।

এই তালিকায় বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের কাছে ১০ বার ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। এর মধ্যে ছয়টি হারই দক্ষিণ আফ্রিকার মাটিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ৯ বার, নিউজিল্যান্ডের কাছে ৮ বার এবং পাকিস্তানের বিপক্ষে ৬ বার এমন পরাজয় দেখেছে বাংলাদেশ। এছাড়া ভারতের কাছে ৫ বার, অস্ট্রেলিয়ার কাছে ৪ বার এবং ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ বার এবং জিম্বাবুয়ের কাছে ২ বার ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা।

সর্বশেষ সংযোজন সেঞ্চুরিয়ন টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই হওয়ার পাশাপাশি ইনিংস ব্যবধানে হারের সংখ্যা পঞ্চাশে নিয়ে গেছে শান্তর দল। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ৪০৩ রানের লিডের চাপে দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। অলআউট হয় ১৮৪ রানে। ফলে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হারতে হয়।

বাংলাদেশের ব্যাটিং ধসের অন্যতম কারণ ছিলেন উইয়ান মুল্ডার। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের দেখা পাওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে নেন ৭ উইকেট। এর আগে ব্যাট হাতে সেঞ্চুরিও করেছিলেন তিনি। তানজিদ, মুমিনুল, লিটন, শান্ত, জাকের, শরিফুল ও তাসকিনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন মুল্ডার।

প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারলেও বাংলাদেশের এমন অর্জন হাতোগোনা। টেস্টে শান্তদের ইনিংস ব্যবধানে জয় আছে মাত্র চারটি। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি এবং ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি করে। বিপরীতে ইনিংস ব্যবধানে হারের ফিফটিতে নাম লিখিয়েছে শান্তরা।

তবে টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে ৫০ বা তার বেশি হারের লজ্জার রেকর্ড গড়া প্রথম দল বাংলাদেশ নয়। সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে বেশি ৬৬ বার ইনিংস ব্যবধানে হারের রেকর্ডটি ক্রিকেটের জনক ইংল্যান্ডের দখলে। এছাড়া বাংলাদেশের সমান ৫০ বার ইনিংস ব্যবধানে হারের তেতো স্বাদ পেয়েছে নিউজিল্যান্ডও। তবে ইংল্যান্ড ১৮৭৭ সাল থেকে হাজারের বেশি টেস্ট খেলে এই অবস্থানে পৌঁছেছে। অন্যদিকে, বাংলাদেশ মাত্র ১৬৬টি টেস্ট খেলেই স্পর্শ করেছে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড।

এমআই