Advertisement
Us Bangla Airlines
ম্যাচ হারের দিনে সুখবর পেলেন হৃদয়

ম্যাচ হারের দিনে সুখবর পেলেন হৃদয়

খেলা ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ২০:২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তাওহীদ হৃদয়। রেকর্ড গড়া সেঞ্চুরিতে আইসিসির টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। এক ধাক্কায় এগিয়েছেন ২৮ ধাপ। উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ৩৩তম স্থানে।

বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদে দেখা গেছে, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ইনিংসে হৃদয়ের ১৩৭ রানের ইনিংসই তাকে এই সাফল্য এনে দিয়েছে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে প্রোটিয়াদের মাটিতে এটি যৌথভাবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০২২ সালে ডারবানে ঠিক ১৩৭ রান করেছিলেন মাহমুদুল হাসান জয়।

যদিও দ্বিতীয় ইনিংসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি হৃদয়। ফিরেছেন ২৩ রান করে। তবে প্রথম ইনিংসের দুর্দান্ত পারফরম্যান্স র‍্যাঙ্কিংয়ে তাকে ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছে দিয়েছে। দ্বিতীয় ম্যাচেও ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি। উভয় ইনিংসে টেস্ট মেজাজ হারিয়ে আউট হয়েছেন।

বাংলাদেশের আরেক ব্যাটার লিটন দাসও পেয়েছেন সুখবর। প্রথম ইনিংসে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ৯ ধাপ এগিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে থামলেও র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ২৪ নম্বরে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখন তিনিই সবার ওপরে।

টেস্ট বোলারদের তালিকাতেও উন্নতি হয়েছে বাংলাদেশের তিন পেসার ও স্পিনারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২৯তম স্থানে উঠেছেন হাসান মাহমুদ। দুই উইকেট পাওয়া তাসকিন আহমেদের উন্নতি এক ধাপ, তার অবস্থান ৫১তম। আর না খেলেও দুই ধাপ এগিয়ে ৪৫ নম্বরে জায়গা হয়েছে নাঈম হাসানের।

এমআই