তিন মাস ধরে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ
খেলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১২:১৫
ডারউইনে ইতিহাস গড়ার পর জয়ের পথটাই যেন ভুলে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের সুখস্মৃতি এখন অতীত। এরপর তিন মাস ১০ দিনে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ ম্যাচ খেলেছে টাইগাররা। কিন্তু জয় অধরাই। আট ম্যাচে হার, দুটি ড্র। ব্যর্থতার এই বৃত্ত থেকে বের হওয়ার কোনো ইঙ্গিতও মিলছে না।
জয়হীন যাত্রার সর্বশেষ ধাক্কা দক্ষিণ আফ্রিকা সফরে। সেঞ্চুরিয়নে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচটি শেষ হয়েছে আড়াই দিনেরও কম সময়ে। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা তোলে ৪৯৪ রান। জবাবে বাংলাদেশ থামে ১৮৪ রানে। তাতে সিরিজের দুই টেস্টেই হার, ফল হোয়াইটওয়াশ।
অথচ গত আগস্টে ডারউইনে অন্য এক বাংলাদেশকে দেখেছিল ক্রিকেটবিশ্ব। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। সেটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। কিন্তু সেই সাফল্যের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি দলটি।
ডারউইন টেস্টের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ইনিংসে যথাক্রমে ৬৪ ও ৯৫ রানে গুটিয়ে গিয়ে হারে ইনিংস ও ৫১ রানে। এরপর এশিয়ান গেমস ক্রিকেটে সুযোগ আসে ঘুরে দাঁড়ানোর। র্যাঙ্কিংয়ের সুবাদে কোয়ার্টার ফাইনাল না খেলেই সেমিফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।
তবে শেষ চারে পাকিস্তানের তরুণ দলের বিপক্ষেও দাঁড়াতে পারেনি লিটন দাসের দল। মাত্র ১১১ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার তরুণ দলের কাছে ৬৩ রানে হেরে পদক ছাড়াই ফিরতে হয়।
এশিয়ান গেমসের পর সংযুক্ত আরব আমিরাত সফরেও বদলায়নি চিত্র। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ড্র করে বাংলাদেশ। এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে যথাক্রমে ৯৯ রান ও ৭ উইকেটে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় দল।
ঘরের মাঠেও ফেরেনি স্বস্তি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। মিরপুরে ৮ উইকেটে হারের পর সিলেট টেস্ট শেষ হয় ড্রয়ে। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার প্রথম সুযোগও হাতছাড়া হয়। এরপর দক্ষিণ আফ্রিকায় এসে দুই টেস্টেই বড় ব্যবধানে হার।
সবমিলিয়ে ডারউইনের ঐতিহাসিক জয়ের পর ১০ ম্যাচ পেরিয়ে গেলেও জয়ের খাতা খুলতে পারেনি বাংলাদেশ। অধরা জয় ঠিক কবে ফিরবে, সেটাই অজানা।
এমআই