বিশ্বকাপ ট্রফির বাজারমূল্য কত, জানলে অবাক হবেন
খেলা ডেস্ক
০৬ জুন ২০২৬, ১৬:২৭
ফুটবল বিশ্বকাপের ট্রফি শুধু একটি শিরোপার প্রতীক নয়, এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কারগুলোর একটি। কোটি কোটি ফুটবলপ্রেমীর স্বপ্নের এই ট্রফির বাজারমূল্যও কম নয়। বর্তমান হিসাব অনুযায়ী, শুধু ট্রফিতে ব্যবহৃত স্বর্ণ ও অন্যান্য উপকরণের মূল্যই ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের কাছাকাছি। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটিরও বেশি টাকা।
বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফির ওজন ৬.১ কিলোগ্রাম। এর উচ্চতা ৩৭ সেন্টিমিটার এবং ব্যাস ১৩ সেন্টিমিটার। ট্রফিটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৬ হাজার ১৭৫ গ্রাম ১৮ ক্যারেট স্বর্ণ। যদিও ট্রফির ভেতরের অংশ ফাঁপা, তবুও এতে ব্যবহৃত মূল্যবান ধাতুর পরিমাণ একে বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া ট্রফিতে পরিণত করেছে।
ট্রফির নিচের অংশে রয়েছে ম্যালাকাইট খনিজের দুটি বৃত্ত। মূল্যবান এই সবুজ খনিজ ট্রফির নান্দনিকতা বাড়ানোর পাশাপাশি এর আর্থিক মূল্যও বৃদ্ধি করেছে।
তবে বিশ্বকাপ ট্রফির প্রকৃত মূল্য শুধু ব্যবহৃত উপকরণ দিয়ে নির্ধারণ করা যায় না। এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্ব ফুটবলের ইতিহাস, ঐতিহ্য ও আবেগ। ফলে বাজারমূল্যের চেয়েও এর প্রতীকী মূল্য অনেক বেশি। বর্তমান ট্রফিটির ইতিহাসও বেশ আকর্ষণীয়।
১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে জুলে রিমে ট্রফির স্থায়ী মালিকানা পায় ব্রাজিল। এরপর নতুন ট্রফি তৈরির উদ্যোগ নেয় ফিফা। ইতালীয় শিল্পী সিলভিও গাজানিগার নকশা প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়। তাঁর তৈরি নকশাতেই নির্মিত হয় বর্তমান বিশ্বকাপ ট্রফি, যেখানে দুই মানবমূর্তি পৃথিবীকে মাথার ওপর তুলে ধরে আছে।
তবে বিশ্বকাপ জিতলেও কোনো দল স্থায়ীভাবে এই ট্রফির মালিক হতে পারে না। আসল ট্রফিটি ফিফার কাছেই সংরক্ষিত থাকে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ট্রফির একটি বিশেষ প্রতিরূপ বা রেপ্লিকা। তাই ৩ কোটির বেশি টাকার এই ট্রফির প্রকৃত মূল্য আসলে অর্থে নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকা গৌরব, ইতিহাস এবং বিশ্বজয়ের স্বপ্নে।