এশিয়ান গেমসের ১০ দল চূড়ান্ত, বাংলাদেশসহ আছে যারা
খেলা ডেস্ক
০৫ জুন ২০২৬, ১৭:২১
এশিয়ান গেমস ক্রিকেটের ১০ দল চূড়ান্ত হয়েছে। আগামী সেপ্টেম্বরে জাপানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে এই টুর্নামেন্টে সরাসরি অংশ নেবে বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এছাড়া বাছাইপর্ব শেষে মূল আসরে জায়গা নিশ্চিত করেছে নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ ‘এ’ থেকে উত্তীর্ণ হয় নেপাল ও মালয়েশিয়া। আর গ্রুপ ‘বি’ থেকে টিকিট কাটে হংকং ও ওমান। টুর্নামেন্টটির আয়োজক হওয়ায় বাছাইপর্ব ছাড়াই খেলার সুযোগ পাচ্ছে সহযোগী দেশ জাপান।
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল নেপাল। সহযোগী দেশ হিসেবে নজরকাড়া এই দলটি এশিয়ান গেমসের বাছাইপর্বেও ছিল বেশ দুর্দান্ত। চীনকে ২২১ রানে হারানোর পর মালয়েশিয়াকে হারিয়েছে ১৬৭ রানে। টুর্নামেন্ট শুরুর আগে কাতার নাম প্রত্যাহার করায় দুই জয়েই গ্রুপসেরা হয় নেপাল।
বিশ্বকাপ খেলা নেপালের বিপক্ষে মালয়েশিয়া হারলেও চীনের বিপক্ষে জয় তুলেছিল তারা। ফলে তারাও এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। গ্রুপ ‘বি’থেকে হংকং ও ওমান উভয়ই বাহরাইন ও স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছে। ফলে এশিয়ান গেমসের জন্য তাদের জায়গা নিশ্চিত।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে জাপানে দশ দলের এই টুর্নামেন্ট শুরু হবে। সোনা অর্জনের লড়াই তথা ফাইনাল ম্যাচ হবে ৩ অক্টোবর। এর আগে ২০২৩ সালে এশিয়ান গেমসে অংশ নিয়েছিল বাংলাদেশ। ভারতের কাছে সেমিফাইনালে হারায় আগেভাগে শিরোপার লড়াই থেকে বাদ পড়ে আকবর আলীরা।
তৃতীয় স্থান নির্ধারণের জন্য পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ইয়াসির আলীর দারুণ পারফরম্যান্সে সেই ম্যাচ জিতে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরে টাইগাররা।
এমআই