কোচদের টানা পদত্যাগ, বিসিবিতে হঠাৎ কী হলো?
খেলা ডেস্ক
০৪ জুন ২০২৬, ২২:১৫
জাতীয় দলে কোচ সালাহউদ্দিনের ভূমিকা নিয়ে কম আলোচনা হয়নি। এশিয়া কাপে ব্যাটারদের ব্যর্থতায় বেশ সমালোচনায় পড়েছেন এই দেশি কোচ। এরপর অভিমান করে জাতীয় দলের ডেরা ছাড়তে গিয়েও পারেননি। মাঝে সালাহউদ্দিনের ব্যাটিং ইউনিটে কোচ হিসেবে যোগ দিয়েছেন আশরাফুল। তবুও পদত্যাগের টুঁ শব্দও পাওয়া যায়নি।
বর্তমানে ব্যাটিং ইউনিট থেকে কিছুটা রানের দেখা মিলেছে। সবশেষ পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজে ব্যাটারদের থেকে সম্মিলিত প্রয়াস কিংবা একক প্রচেষ্টা দেখা গিয়েছে। ফিফটির সঙ্গে মিলেছে সেঞ্চুরিও। জাতীয় দলে এমন সুদিন রেখেও হঠাৎ কেন এইচপিতে চলে গেলেন কোচ সালাহউদ্দিন? এই প্রশ্নের রহস্য এখনো পরিষ্কার হয়নি।
একটু পেছনের গল্পে ফেরা যাক। বিসিবির সভাপতি হওয়ার আগে তামিম ইকবাল এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ জাতীয় দলে দেশি কোচরা মানানসই না। কারণ হিসেবে নিম্নমানের টেকনিক ও আধুনিক ক্রিকেটের মাপকাঠিতে পিছিয়ে থাকার বিষয় উল্লেখ করেছেন। তবে কি তামিম সেই কারণে সালাহউদ্দিনকে জাতীয় দল থেকে সরিয়েছেন?
পাকিস্তান সিরিজের পর ঘটা করে সালাহউদ্দিনকে বিদায় দিয়েছেন ক্রিকেটাররা। মাসখানেক পরেই আবার অস্ট্রেলিয়া সিরিজ, সেটা নিয়েই ছক কষতে ব্যস্ত হয়ে পড়েছেন মিরাজ-শান্ত। কিন্তু কে জানতো অজি সিরিজের আগেই ফাস্ট বোলিং কোচ শন টেইট উড়াল দেবেন! চলমান গুঞ্জনকে সত্যি করে আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন তিনি।
শন টেইটের রেশ না কাটতেই আরেক খবরের অনুসন্ধান। ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টও বাংলাদেশকে বিদায় জানানোর পথে আছেন। শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠতে না পারায় নাকি তিনি বিসিবিতে থাকতে চাইছেন না। আবার, বিসিবিও নাকি ফিল্ডিং কোচকে দুই সিরিজ না পেয়ে তাকে ছাঁটাইয়ের ছক কষছে।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচের পদত্যাগের পর কেবল বাকি আছেন হেড কোচ ফিল সিমন্স ও স্পিন বিভাগের মুশতাক আহমেদ। চুক্তি শর্ত অনুযায়ী, অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না কোচ মুশতাক। আর বোর্ড সভাপতির তিন মুখ দেখে ফেলা ফিল সিমন্স আপাতত আলোচনার বাইরে।
চলতি মাসেই অনুষ্ঠিত হবে বিসিবির নতুন নির্বাচন। সব ঠিক থাকলে আবারও সভাপতি হবেন তামিম ইকবাল। কিন্তু এর আগে কোচদের গণহারে সরে দাঁড়ানো অবশ্য ভালো বার্তা বয়ে আনে না। তাতে প্রশ্ন থেকেই যায়, বিসিবির অভ্যন্তরে আসলে হলোটা কী!