Advertisement
Us Bangla Airlines
বিসিবির নির্বাচনে রাজনৈতিক পরিবারের প্রভাব

বিসিবির নির্বাচনে রাজনৈতিক পরিবারের প্রভাব

খেলা ডেস্ক

২৩ মে ২০২৬, ১৭:০৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে মাঠের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনা এখন প্রার্থীদের রাজনৈতিক পরিচয় নিয়ে। পরিচালক পদে মনোনয়ন জমা দেওয়া তালিকায় উঠে এসেছে একের পর এক মন্ত্রী, এমপি ও প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের নাম। ফলে ক্রিকেট প্রশাসনের অন্দরমহলে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক প্রভাবের বিতর্ক।

রংপুর বিভাগে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মির্জা ফয়সল আমীন। তিনি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলামের ভাই। প্রতিদ্বন্দ্বী না থাকায় পরিচালক পদে তাঁর নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। রাজশাহীতেও একই চিত্র। সেখানে একমাত্র প্রার্থী মীর শাকরুল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। সিলেট বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

ঢাকা বিভাগেও রাজনৈতিক প্রভাব স্পষ্ট। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে সাইদ বিন জামান পরিচালক পদে লড়ছেন। চট্টগ্রামে প্রার্থী হয়েছেন মাঈন উদ্দিন চৌধুরী, যিনি পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী অ্যানির চাচা। খুলনা বিভাগে আছেন শান্তনু ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ভাই।

ক্লাব ক্যাটাগরিতেও রাজনৈতিক পরিবারের উপস্থিতি চোখে পড়ার মতো। বর্তমান অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে। সাঈদ ইব্রাহিম আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছেলে। এছাড়া মির্জা ইয়াসির আব্বাস হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের ছেলে।

মনোনয়ন তোলা ইয়াসির মোহাম্মদ ফয়সালের বাবাও কুমিল্লা-৯ আসনের বিএনপির সংসদ সদস্য। ফলে নির্বাচনের প্রার্থী তালিকায় রাজনৈতিক পরিবারের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এর আগেও বিসিবির অ্যাডহক কমিটিতে রাজনৈতিক পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। সেই বিতর্ক জাতীয় সংসদ পর্যন্ত গড়িয়েছিল। তবে এবার পরিস্থিতি আরও বড় আকার নিয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, আসন্ন নির্বাচনে এমপি-মন্ত্রীদের স্বজনের সংখ্যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ।

এমআই