টেস্ট ইতিহাসের সেরা অধিনায়ক এখন শান্ত
খেলা ডেস্ক
২০ মে ২০২৬, ১৭:১৩
অভিমান করেই নেতৃত্বটা ছেড়েছেন। বিসিবির অনুরোধ আর দেশের কথা চিন্তা করে পুনরায় নিয়েছেন দায়িত্ব। ব্যাটিং নিয়ে সমালোচনা হলেও নেতৃত্বে বেশ প্রশংসা কুড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। এবার সেই অধিনায়কত্বেই জন্ম দিলেন এক নতুন অধ্যায়। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্ট জিতে ইতিহাস গড়লেন তিনি।
২০২৪ সালে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের নেতৃত্ব সামলেছেন শান্ত। তবে সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে নেতৃত্বে। টি–টোয়েন্টিতে রানখরায় ভোগায় নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেন। এরপর ওয়ানডে নেতৃত্ব থেকে আচমকা সরিয়ে দেওয়া হয় তাকে। ফলে অভিমান করে টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।
তবে ভাগ্য ঘুরে যায় একই বছরের নভেম্বরে। অনেক আলোচনার পর আবারও টেস্ট নেতৃত্বে ফেরেন শান্ত। এরপর থেকেই বদলে যেতে থাকে বাংলাদেশের টেস্ট ভাগ্যও। তার নেতৃত্বে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ২–০ ব্যবধানে হারায় বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষেও একই ব্যবধানে হোয়াইটওয়াশ করে টাইগাররা।
সেই ধারাবাহিক সাফল্যেই এখন ইতিহাস গড়েছেন শান্ত। পরিসংখ্যান বলছে, তিনিই এখন পর্যন্ত দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। সিলেট টেস্টে পাওয়া জয় ছিল তার নেতৃত্বে অষ্টম জয়, যা টেস্ট অধিনায়ক হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ জয়। এতেই ভেঙে গেছে মুশফিকুর রহিমের রেকর্ড।
এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে অধিনায়কত্ব করে ৭টি জয় পেয়েছিলেন মুশফিকুর রহিম। শান্ত মাত্র ১৮ টেস্টেই সেই সংখ্যাকে ছাড়িয়ে এখন ৮ জয়ের মালিক। বাংলাদেশের আর কোনো অধিনায়ক এত টেস্ট জিততে পারেননি। তালিকায় তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান, ১৯ টেস্টে তার জয় ৪টি।
এমআই