ভরসার নাম যখন তাইজুল
খেলা ডেস্ক
১৯ মে ২০২৬, ২২:৪৯
স্টাম্পের আলোর ঝলকানি নীরব চাহনিতে দেখলেন লিটন দাস। মুখে হাসি নেই, যোগ দেননি প্রচলিত উদযাপনে। ভাবখানা এমন যেন, এই উইকেট পড়ায় কিছুই হয়নি। অথচ সালমান আলীকে বোল্ড করার সেই ডেলিভারিটাই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিল। উইকেট নেওয়ার পেছনে লিটনের অবদানও কম নয়। স্বল্পভাষী এই উইকেটকিপার হঠাৎ যেন বাচাল বনে গিয়েছিলেন, মুখের লড়াইয়ে নষ্ট করেছিলেন পাকিস্তানিদের মনোযোগ। তাতেই উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ।
সালমানের আউটে লিটনের মুখভার থাকলেও জমিয়ে উদযাপন করেছেন তাইজুল ইসলাম। এমন হুংকার না দেওয়ার অবশ্য কারণ নেই। ম্যাচের চতুর্থ দিনে সালমান-রিজওয়ানের সামনে তাইজুলকে যেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছিল, তা হয়তো ভালোই মনে রাখবেন এই বাঁহাতি বোলার। বলের পর বল করে গেছেন, খরচ হয়েছে রানও, তবুও উইকেটের দেখা পাননি। এর মাঝেই সালমান-রিজওয়ান শতরানের জুটি গড়ে বাংলাদেশকে চোখ রাঙানো শুরু করেছিল।
টেস্টে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে চোখ রাঙালেই জ্বলে ওঠেন তাইজুল। ম্যাচের তৃতীয় ও চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন এই স্পিনার। তৃতীয় ইনিংসে ২১ গড়ে ৬১ ও চতুর্থ ইনিংসে ২২ গড়ে ৫১ উইকেট শিকার করেছেন তাইজুল। ফলে বাংলাদেশকে ম্যাচে ফেরাতে তাইজুলের ওপর বেশি প্রত্যাশা ছিল কোচ-সমর্থকদের। ৮০ ওভারের পর নতুন বল হাতে নিয়েই তাইজুল সেটা করে দেখালেন। তাতে বোকা বনে গেলেন সেট ব্যাটার সালমান।
মুশফিক কয়েকদিন আগে বলেছিলেন বাংলাদেশের টেস্ট দলের উন্নতিতে তাইজুলের অবদান অসীম। কারণটা স্পষ্ট না করলেও পরিষ্কার। দলের সবচেয়ে বেশি উইকেটশিকারি এখন তাইজুল। চতুর্থ ইনিংসে দল যে তার দিকেই তাকিয়ে থাকে, সেটা নিজেও বুঝেছিলেন। তাই তো বেরিয়ে যাওয়া ডেলিভারি করে সালমানকে দ্বিধায় ফেলেছেন। এরপর হঠাৎ ফুলার লেন্থে করা বল ভেতরে ঢুকিয়েছেন। তাতেই ব্যাট-প্যাডের ফাঁক গলিয়ে সরাসরি বোল্ড হয়েছেন সালমান আলী আঘা।
টেস্ট মেজাজ, ধৈর্য, দৃঢ়তা তাইজুলকে করেছে অনন্য। সালমানকে আউট করা ডেলিভারিতে সেটাই দেখা গেল। পরের ওভারে হাসান আলীকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছেন তাইজুল। শেষবেলায় দুই উইকেট শিকার করে বাংলাদেশ ম্যাচে ফিরেছে। আর মাত্র তিনটি ম্যাজিকাল ডেলিভারির অপেক্ষায় নাজমুল শান্তর দল। পঞ্চম দিনে তাইজুল টার্ন আর স্পট বোলিংয়ের ফাঁদ পাকিস্তানের বড় পরীক্ষা নেবে। তবে বোলিং, উদযাপন আর দক্ষতায় তাইজুল যেন এক যুগেও অভিন্ন।