Advertisement
Us Bangla Airlines
টেস্ট দলের অধিনায়কত্বে ফিরছেন বাবর আজম!

টেস্ট দলের অধিনায়কত্বে ফিরছেন বাবর আজম!

খেলা ডেস্ক

১৩ মে ২০২৬, ২১:৩১

বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হতাশাজনক হারের পর পাকিস্তান ক্রিকেটে আবারও শুরু হয়েছে নেতৃত্ব বিতর্ক। শান মাসুদের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন যখন তুঙ্গে, তখন নতুন করে সামনে আসছে বাবর আজমের নাম। পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, টেস্ট দলের নেতৃত্বে আবারও ফিরতে পারেন এই তারকা ব্যাটার।

পিএসএলের সর্বশেষ ফাইনালের পর বাবরকে প্রশ্ন করা হয়েছিল, আবার নেতৃত্বের প্রস্তাব পেলে কী করবেন। সরাসরি কিছু না বললেও তাঁর উত্তরে ফের অধিনায়ক হওয়ার আগ্রহের ইঙ্গিত মিলেছিল। বাংলাদেশের বিপক্ষে ১০৪ রানের হার সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

ঢাকা টেস্টে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন শান মাসুদ। দুই ইনিংস মিলিয়ে করেন মাত্র ১১ রান। শুধু ব্যাটিং নয়, তাঁর নেতৃত্ব নিয়েও সমালোচনা বাড়ছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর মাসুদের অধীনে ১৫ ম্যাচের ১১টিতেই হেরেছে পাকিস্তান।

দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি ম্যাচগুলোর কথা মাথায় রেখে বাবরকে আবার টেস্ট অধিনায়ক করার পক্ষে সমর্থন বাড়ছে। পাকিস্তানের সামনে এ বছর আরও সাতটি টেস্ট ম্যাচ রয়েছে।

হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারেননি বাবর। তবে ১৬ মে সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাঁর ফেরার সম্ভাবনা জোরালো। বোর্ডের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তাও মনে করছেন, বাবরকে নেতৃত্বে ফেরানোর এটাই সঠিক সময়।

প্রতিবেদন অনুযায়ী, দলের ভেতরেও বাবরকে আবার অধিনায়ক হিসেবে দেখতে চান অনেক ক্রিকেটার। দ্বিতীয় টেস্টে তিনি ব্যাট হাতে ছন্দে ফিরতে পারলে নেতৃত্বে ফেরার সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। বোর্ড কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনায় বাবরও নাকি অধিনায়কত্বে ফেরার বিষয়ে অনাগ্রহ দেখাননি।

পিসিবির পরিকল্পনা শুধু টেস্ট নিয়েই নয়। সূত্র বলছে, প্রথমে টেস্ট দলের নেতৃত্ব বাবরের হাতে তুলে দিয়ে পরে ওয়ানডে বিশ্বকাপের আগে আবারও তাঁকে ওয়ানডে অধিনায়ক করার চিন্তাও রয়েছে বোর্ডের।

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন সংস্করণেই পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়তে হয় তাঁকে। পরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেলেও বাজে পারফরম্যান্সের পর সরে দাঁড়ান এই ব্যাটার।

এমআই