Advertisement
Us Bangla Airlines
সাকিব-লিটনের পর যে কীর্তিতে যোগ দিলেন জ্যোতি

সাকিব-লিটনের পর যে কীর্তিতে যোগ দিলেন জ্যোতি

খেলা ডেস্ক

০২ জুন ২০২৬, ২৩:১৬

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন। এবার দেশের ক্রিকেটে গড়লেন আরেকটি অনন্য কীর্তি। টি-টোয়েন্টি ক্রিকেটে আড়াই হাজার রানের ক্লাবে নাম লিখিয়ে সাকিব আল হাসান ও লিটন দাসের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টিতেই বেশি দেখা যায় জ্যোতিকে। এখন পর্যন্ত ৬৮টি ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১২২টি। দীর্ঘ এই পথচলায় ধারাবাহিক ব্যাটিংয়ে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের হয়ে এই কীর্তি গড়তে পেরেছেন মাত্র তিনজন ক্রিকেটার। প্রথমে এই ক্লাবে নাম লেখান সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। পরে যোগ দেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এবার সেই অভিজাত তালিকায় যুক্ত হলো জ্যোতির নাম।

মাইলফলকে পৌঁছানোর পথেও বেশ উজ্জ্বল জ্যোতির পরিসংখ্যান। সাকিব ১২২ ইনিংসে ২৫০০ রান পূর্ণ করেছিলেন। লিটনের লেগেছিল ১১০ ইনিংস। আর জ্যোতি এই কীর্তি গড়েছেন ১১৬ ইনিংসে। মাইলফলকের ম্যাচে ফিফটিও করেছেন তিনি। দলকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা।

আড়াই হাজার রানের ক্লাবের খুব কাছাকাছি গিয়েও থেমে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার সময় তার সংগ্রহ ছিল ২৪৪৪ রান। আর মাত্র ৫৬ রান করতে পারলেই তিনিও জায়গা করে নিতে পারতেন এই তালিকায়।

বাংলাদেশ নারী দলে জ্যোতির আধিপত্য আরও স্পষ্ট হয় রানসংখ্যার বিচারে। টি-টোয়েন্টিতে দুই হাজার রানের গণ্ডি পেরিয়েছেন কেবল তিনিই। আর এক হাজারের বেশি রান আছে শুধু ফারজানা হকের। ফলে খুব শিগগিরই আড়াই হাজার রানের এই ক্লাবে জ্যোতির কোনো সঙ্গী পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।