বিশ্বকাপ থেকে কোন দল কত টাকা পেল
খেলা ডেস্ক
২১ জুলাই ২০২৬, ২২:৫০
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ফুটবল বিশ্বকাপের মহারণ শেষ হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার নজর কেড়েছে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারও। বিশ্বকাপ শুরুর আগে মোট প্রাইজমানি ১৫ শতাংশ বাড়িয়ে ৮৭ কোটি ১০ লাখ ডলার নির্ধারণ করে ফিফা। তাতে বিশ্বকাপে ফুটবলের পাশাপাশি ছিল অর্থের ঝনঝনানি।
১৬ বছর পর আবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে লা রোহা। চ্যাম্পিয়ন হিসেবে স্পেন পাচ্ছে ৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩.১২ টাকা ধরে) প্রায় ৬১৫ কোটি টাকা।
ফাইনালে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৪০৬ কোটি টাকা। তৃতীয় স্থান অধিকারী ইংল্যান্ডের প্রাইজমানি ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে পাবে ১ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ২৩৩ কোটি টাকা)। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দলের প্রত্যেকের জন্য বরাদ্দ ১ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ১৮৪ কোটি টাকা)।
অন্যদিকে শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ কোটি টাকা। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর প্রত্যেকের জন্য রয়েছে ৯০ লাখ ডলার (প্রায় ১১০ কোটি টাকা) প্রাইজমানি।
এ ছাড়া বিশ্বকাপের প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য টুর্নামেন্ট শুরুর আগেই অংশ নেওয়া প্রতিটি দলকে অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ ডলার করে দিয়েছে ফিফা।
একনজরে বিশ্বকাপের প্রাইজমানি
চ্যাম্পিয়ন (স্পেন): ৬১৫ কোটি ৬০ লাখ টাকা
রানার্সআপ (আর্জেন্টিনা): ৪০৬ কোটি ৩০ লাখ টাকা
তৃতীয় (ইংল্যান্ড): ৩৫৭ কোটি ৫ লাখ টাকা
চতুর্থ (ফ্রান্স): ৩৩২ কোটি ৪২ লাখ টাকা
কোয়ার্টার ফাইনাল: প্রতি দল ২৩৩ কোটি ৯৩ লাখ টাকা
শেষ ষোলো: প্রতি দল ১৮৪ কোটি ৬৮ লাখ টাকা
শেষ ৩২: প্রতি দল ১৩৫ কোটি ৪৩ লাখ টাকা
গ্রুপ পর্ব থেকে বিদায়: প্রতি দল ১১০ কোটি ৮১ লাখ টাকা
অংশগ্রহণ ভাতা: প্রতি দল ১৮৪ কোটি ৬৮ লাখ টাকা
এমআই