বিজ্ঞাপনে অংশ নিতে দ্বিগুণ পারিশ্রমিক চাইছেন বৈভব
খেলা ডেস্ক
০২ জুন ২০২৬, ১৮:০১
আইপিএলে চার-ছক্কার ঝড়ে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত মৌসুম শেষে একাই জিতেছেন পাঁচ পুরস্কার। মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করা এই তরুণ এখন আলোচনার কেন্দ্রে। বিজ্ঞাপন জগতে যেন আকাশছোঁয়া হয়ে উঠেছে এই ক্রিকেটারের বাজারদর।
আইপিএল শেষে বিজ্ঞাপনে অংশ নিতে আগের তুলনায় দ্বিগুণ পারিশ্রমিক চাইছেন বৈভব সূর্যবংশী। ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে একটি বিজ্ঞাপনচুক্তির জন্য যেখানে এক কোটি টাকা নিতেন বৈভব সূর্যবংশী, এখন সেই অঙ্ক দাঁড়িয়েছে ২ কোটি টাকায়।
আইপিএলের আগে একটি শিশুখাদ্য ও একটি পানীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন বৈভব। সেই সময় দুটি চুক্তি থেকে তিনি প্রায় এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। তবে এবারের আইপিএল শেষে একাধিক ব্র্যান্ড তার সঙ্গে যোগাযোগ করছে, সেখান বাড়তি পারিশ্রমিক দাবির তথ্য সামনে এসেছে।
বৈভবের বাণিজ্যিক দিকটি সরাসরি তিনি দেখেন না। পুরো বিষয়টি সামলান তার বাবা-মা। তাদের মতে, বৈভবের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, আর ব্র্যান্ডগুলো তার নাম ব্যবহার করে বড় অঙ্কের লাভ করছে। তাই পারিশ্রমিক বৃদ্ধির ব্যাপারটা তারা যৌক্তিক মনে করছেন।
এর আগে ২০২২ সালে আইপিএল মেগা নিলামে বৈভবকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালস। তবে মাত্র দুই মৌসুমেই নিজের পারফরম্যান্সে তিনি এমন জায়গায় পৌঁছেছেন, যেখানে তাকে ভবিষ্যতের সবচেয়ে বড় তারকাদের একজন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
অনেকের ধারণা, আগামী বড় নিলামে বৈভবের মূল্য ৩০ কোটি টাকারও বেশি ছাড়াতে পারে। তবে রাজস্থান রয়্যালস যে তাকে ছাড়তে চাইবে না, তা অনুমেয়। তবে এই বিস্ময় বালককে ধরে রাখতে হলে বড় অঙ্কের বিনিয়োগ যে করতে হবে, তা বিজ্ঞাপনের পারিশ্রমিকেই স্পষ্ট হয়ে উঠছে।