Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপের পর এত দাম বাড়েনি কোনো ফুটবলারের!

বিশ্বকাপের পর এত দাম বাড়েনি কোনো ফুটবলারের!

খেলা ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ২১:৫৭

বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের জার্সিতে নিজেকে নতুন করে চিনিয়েছেন ভোজিনহা। মাঠের পারফরম্যান্সের পুরস্কার মিলেছে দলবদলের বাজারেও। বিশ্বকাপ শেষে ট্রান্সফারমার্কেটে ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের বাজারমূল্য বেড়েছে প্রায় ৯০০ শতাংশ।

বিশ্বকাপ শুরুর আগে ভোজিনহার বাজারমূল্য ছিল ৫৮ হাজার ডলার। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ডলারে। ট্রান্সফারমার্কেটের হালনাগাদ তথ্যে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপের পর কোনো ফুটবলারের বাজারমূল্য এত বেশি শতাংশ হারে বাড়েনি।

পুরো নাম জোসিমার জোসে এভোরা দিয়াস হলেও ফুটবল বিশ্বে তিনি পরিচিত ভোজিনহা নামেই। বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন সমর্থকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টসেরা একাদশেও।

বিশ্বকাপে তাঁর উত্থানের শুরু স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সাতটি সেভ করে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন তিনি। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও তিনটি সেভ করে কেপ ভার্দেকে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে তুলতে সহায়তা করেন।

তবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন শেষ ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে। লিওনেল মেসিদের বিপক্ষে একের পর এক আক্রমণ ঠেকিয়ে করেন আটটি সেভ। শেষ পর্যন্ত কেপ ভার্দে ৩–২ গোলে হারলেও ভোজিনহার পারফরম্যান্সই ম্যাচের অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠে।

এমআই