Advertisement
Us Bangla Airlines
১৯ বছরেই বাবা হচ্ছেন এনদ্রিক, সন্তানের নাম কেনদ্রিক!

১৯ বছরেই বাবা হচ্ছেন এনদ্রিক, সন্তানের নাম কেনদ্রিক!

খেলা ডেস্ক

২৪ জুলাই ২০২৬, ২১:১৩

মাত্র ১৯ বছর বয়সেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন ব্রাজিলের তরুণ ফুটবল তারকা এনদ্রিক। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড ও তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দা প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। এর মধ্যেই হবু সন্তানের নামও প্রকাশ করেছেন তারা।

ব্রাজিলের সাও পাওলোতে সম্প্রতি আয়োজন করা হয়েছিল তাদের বেবি শাওয়ার অনুষ্ঠান। সেখানেই অনাগত পুত্রসন্তানের নাম ঘোষণা করেন এনদ্রিক ও গ্যাব্রিয়েলি। তাদের সন্তানের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।

নামটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কারণ ‘কেনদ্রিক’ নামটি বিশ্বখ্যাত মার্কিন র‍্যাপার কেনদ্রিক লামারের নামের সঙ্গে মিলে যায়। ২৭টি গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পীর জনপ্রিয়তার কারণে নামটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে সন্তানের নাম রাখার পেছনে কেনদ্রিক লামারের কোনো প্রভাব আছে কি না, সে বিষয়ে দম্পতির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এর আগে চলতি বছরের শুরুতে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন গ্যাব্রিয়েলি। সেখানে পোষ্য দুই কুকুরের সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘এখন আমরা পাঁচজন’। পরে তারা নিশ্চিত করেন, তাদের ঘরে আসছে একটি পুত্রসন্তান।

ফুটবল মাঠে এনদ্রিক এখন রিয়াল মাদ্রিদের হয়ে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছেন। এর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও শুরু হতে যাচ্ছে তার নতুন পথচলা।

এমআই