কলকাতায় খেলতে আসছে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও
খেলা ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৫:৫৯
কলকাতার মাঠে দেখা যেতে পারে ব্রাজিল ফুটবল দলকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভারতে এনে একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। সেই সম্ভাব্য আয়োজক দেশের তালিকায় আছে বাংলাদেশের নামও। তবে ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
ব্রাজিলের সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, ম্যাচ আয়োজন নিয়ে ভারতীয় সংগঠকদের সঙ্গে আলোচনা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কলকাতাকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশ্বকাপ চলাকালীনই ভারতীয় প্রতিনিধি ও সিবিএফের মধ্যে এ নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়। বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের মধ্যে ব্রাজিলকে ঘিরে ব্যাপক উন্মাদনা নজরে আসে সিবিএফের। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেলেসাওদের নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের আগ্রহ ব্রাজিল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।
আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যবর্তী সময়ে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
অস্ট্রেলিয়া সফরের পর তৃতীয় ম্যাচটির জন্য ভারতকে সম্ভাব্য গন্তব্য হিসেবে ভাবছে সিবিএফ। ভারতের পাশাপাশি বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারের নামও আলোচনায় ছিল। তবে ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের সঙ্গেই আলোচনা সবচেয়ে বেশি এগিয়েছে।
কলকাতায় ব্রাজিলের ম্যাচ হলে শহরটির ফুটবল ইতিহাসে যোগ হবে নতুন এক অধ্যায়। এর আগে ১৯৭৭ সালে ইডেন গার্ডেনসে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।
এমআই