Advertisement
Us Bangla Airlines
অবসরে গেলেন আর্জেন্টিনাকে লাল কার্ড দেখানো রেফারি

অবসরে গেলেন আর্জেন্টিনাকে লাল কার্ড দেখানো রেফারি

খেলা ডেস্ক

২৭ জুলাই ২০২৬, ২০:৩৬

ফুটবল বিশ্বকাপের ফাইনাল পরিচালনার এক সপ্তাহের মধ্যেই রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ। আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচে দায়িত্ব পালন করা এই রেফারিকে ঘিরে টুর্নামেন্টজুড়ে আলোচনা ছিল। বিশেষ করে ফাইনালে আর্জেন্টিনাকে লাল কার্ড দেখানোর কারণে খলনায়ক বনে গিয়েছেন তিনি।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে গত ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। ম্যাচটিতে পাঁচটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখান ভিনচিচ। সবগুলো কার্ডই দেখানো হয় আর্জেন্টিনার খেলোয়াড়দের।

আর্জেন্টিনার জন্য ভিনচিচকে অনেক সমর্থক ‘অপয়া’ রেফারি হিসেবেও দেখছেন। কারণ, গত দুটি বিশ্বকাপে আলবিসেলেস্তেদের মাত্র দুটি হারেই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন এই স্লোভেনিয়ান। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের হার এবং এবারের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচে প্রধান রেফারি ছিলেন তিনি।

৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান। এরপর ইউরোপীয় ও আন্তর্জাতিক ফুটবলের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। ক্লাব ফুটবলে তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা।

২০২২ সালের কাতার বিশ্বকাপেই প্রথমবার বিশ্বকাপের ম্যাচ পরিচালনার সুযোগ পান ভিনচিচ। সেই আসরে তিনি সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক হারসহ দুটি ম্যাচে দায়িত্ব পালন করেন। সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপে ফাইনালসহ মোট চারটি ম্যাচ পরিচালনা করেন তিনি।

২০২৬ বিশ্বকাপে চার ম্যাচে দায়িত্ব পালন করে মোট ১২টি হলুদ কার্ড ও দুটি লাল কার্ড দেখিয়েছেন ভিনচিচ। এর মধ্যে ফাইনালে আর্জেন্টিনাকেই দেখানো হয়েছেন পাঁচটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড। শেষ পর্যন্ত এই ফাইনালই হয়ে থাকল তার রেফারিং ক্যারিয়ারের শেষ ম্যাচ।

এমআই