১০৪ ম্যাচের বিশ্বকাপে দর্শকদের পেটে গেল কত খাবার?
খেলা ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ২১:২৪
মাঠের লড়াইয়ে রোমাঞ্চ, রেকর্ড আর নাটকীয়তার পাশাপাশি নতুন আলোচনায় ফুটবল বিশ্বকাপ। ৩৯ দিনব্যাপী এই ফুটবল মহাযজ্ঞে শুধু গ্যালারিতে বসে খেলা উপভোগ করেননি দর্শকেরা, মেতেছিলেন খাবার ও পানীয়ের উৎসবেও।
ফিফার প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপে দর্শকদের আপ্যায়নে আয়োজকদের করতে হয়েছে বিশাল কর্মযজ্ঞ। ১০৪ ম্যাচের পুরো আসরে স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা পান করেছেন ৫৫ লাখের বেশি বিয়ার ক্যান। পাশাপাশি খাওয়া হয়েছে প্রায় ৬ লাখ ৭৫ হাজার হটডগ এবং ৪৬ লাখের বেশি বোতলজাত পানি ও কোমল পানীয়।
শুধু স্টেডিয়ামের গ্যালারিতেই নয়, উত্তর আমেরিকার বিভিন্ন শহরে আয়োজিত ফ্যান ফেস্টগুলোতেও ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। এসব আয়োজনে অংশ নিয়েছেন ৯০ লাখের বেশি দর্শক। বিশাল এই আয়োজন সামলাতে তিন দেশের ১৬টি হোস্ট সিটিতে কাজ করেছেন হাজারো কর্মী ও স্বেচ্ছাসেবী।
১০৪টি ম্যাচ সফলভাবে আয়োজন করতে মাঠের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও দর্শকসেবা নিশ্চিত করতে নিয়োজিত ছিলেন ৪৩ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৭৩ হাজার ৭০০ জন অনুমোদিত পেশাদার নিরাপত্তাকর্মী। পুরো টুর্নামেন্টের আয়োজন সফল করতে প্রায় ৩ লাখ পেশাদার প্রতিনিধি দিনরাত পরিশ্রম করেছেন।
গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় ২০২৬ বিশ্বকাপ। নির্ধারিত সময়ে গোল না হলেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেন ফেরান তোরেস। তাঁর গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন।
এমআই