Advertisement
Us Bangla Airlines
আর্জেন্টিনার সুবিধা পাওয়ার ব্যাখ্যায় দ্বিমত ফিফার

আর্জেন্টিনার সুবিধা পাওয়ার ব্যাখ্যায় দ্বিমত ফিফার

খেলা ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ১৪:৫২

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ভিএআরের সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ব ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) তাদের পর্যালোচনায় ওই ম্যাচে ভিএআরের ভুল প্রয়োগের কথা উল্লেখ করছে। তবে সেই ব্যাখ্যার সঙ্গে একমত নয় ফিফা।

আইএফএবির মতে, ‘মিসটেকেন আইডেন্টিটি’ ধারা কেবল কোন খেলোয়াড় অপরাধ করেছেন, তা শনাক্ত করার জন্য ব্যবহার করা যাবে। অপরাধের ধরন পরিবর্তন বা নতুন করে মূল্যায়নের জন্য এই ধারা প্রযোজ্য নয়। সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী, ওই ম্যাচে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার কথা ছিল না।

ম্যাচে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) পর্যালোচনার পর পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো এম্বোলোকে লাল কার্ড দেখান। আইএফএবি মনে করছে, ২০২৬ বিশ্বকাপে যেভাবে নিয়মটি প্রয়োগ করা হয়েছে, তা আইনের সঠিক ব্যবহার ছিল না।

তবে ভিন্ন অবস্থান নিয়েছে ফিফা। সংস্থাটির দাবি, সিদ্ধান্তটি নেওয়া হয়েছে নিয়মের মূল উদ্দেশ্য বা ‘স্পিরিট অব দ্য ল’ অনুসরণ করেই। তাদের মতে, আইএফএবির ব্যাখ্যাও এই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচে মিগেল আলমিরনের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতিতে একই ব্যাখ্যা অনুসরণ করা হয়েছিল। পুরো বিশ্বকাপজুড়েই ‘মিসটেকেন আইডেন্টিটি’ নীতির একই প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

ফিফার বিবৃতিতে আরও বলা হয়, সিমুলেশনের কারণে প্রতিপক্ষের বিরুদ্ধে এমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত নয়, যার ফলে দ্বিতীয় হলুদ কার্ড বা হলুদ কার্ডের নিষেধাজ্ঞার মতো অতিরিক্ত শাস্তি তৈরি হয়। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়াতে নিয়মটি আরও স্পষ্টভাবে পুনর্লিখনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে রেফারি বা ভিএআরের কোনো ভুল ছিল না বলেও দাবি করেছে ফিফা। সংস্থাটির ভাষ্য, এই সিদ্ধান্ত ন্যায়বিচার নিশ্চিত করেছে। আইএফএবির সঙ্গে পুরো প্রক্রিয়াজুড়েই যোগাযোগ ছিল এবং ভবিষ্যতে ভিএআর প্রোটোকল সংশোধনের আলোচনায় বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।