ভোজিনহাকে নিয়ে দুই ক্লাবের টানাটানি
খেলা ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ১৩:২৪
কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার দলবদল শেষ মুহূর্তে নতুন মোড় নিয়েছে। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে তাঁর যোগ দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও হঠাৎ করেই দৌড়ে নেমেছে মরক্কোর ক্লাব রেনেসাঁ স্পোর্তিভ বারকান। আনুষ্ঠানিক প্রস্তাব দিয়ে তারা ভোজিনহাকে দলে ভেড়াতে চায়। ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে দুই ক্লাবের টানাটানি।
পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি শাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ফ্রি এজেন্ট ভোজিনহা। কোলো কোলোর সঙ্গে মৌখিক সমঝোতা হলেও এখনো আনুষ্ঠানিক চুক্তিতে সই হয়নি। সে কারণেই তাঁর আনুষ্ঠানিক পরিচয়ও পিছিয়ে গেছে। গত ৩০ জুলাই চিলিতে পৌঁছানোর কথা থাকলেও ব্যক্তিগত কারণে যাননি ভোজিনহা।
এই পরিস্থিতির সুযোগ নিয়েই ভোজিনহার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে রেনেসাঁ স্পোর্তিভ বারকান। মরক্কান ক্লাবটির আগ্রহের পেছনে রয়েছে আরেকটি বড় কারণ। সর্বশেষ বিশ্বকাপে কেপ ভার্দেকে ইতিহাস গড়া সাফল্য এনে দেওয়া কোচ বুবিস্তা টুর্নামেন্ট শেষে বারকানের দায়িত্ব নিয়েছেন।
ফলে সাবেক এই কোচের সঙ্গে আবার কাজ করার সুযোগ ভোজিনহার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভোজিনহাকে নিয়ে এখনো আত্মবিশ্বাসী কোলো কোলো। ক্লাবটির আর্জেন্টাইন কোচ ফার্নান্দো অর্টিস জানিয়েছেন, চিলিতে খেলতে ভোজিনহা নিজেও মুখিয়ে আছেন।
অর্টিস বলেন, ‘আমি ভোজিনহার সঙ্গে কথা বলেছি। এখানে আসতে সে দারুণ উচ্ছ্বসিত। এখন শুধু তার ব্যক্তিগত বিষয়গুলো মিটিয়ে আসার অপেক্ষা। এরপরই সে আমাদের সঙ্গে যোগ দেবে। আমাদের ক্লাবে খেলার সম্ভাবনা নিয়ে সে খুবই আনন্দিত।’
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কোলো কোলোর সঙ্গে ভোজিনহার প্রাথমিক চুক্তি হবে ছয় মাসের। এরপর পারফরম্যান্সের ভিত্তিতে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। তবে চিলিতে শেষ পর্যন্ত না গেলে মরক্কোর ক্লাবে পা পড়বে এই তারকা গোলরক্ষকের।
এমআই