ফের সাফের সভাপতি বাংলাদেশের সালাউদ্দিন
খেলা ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ১৪:৫৫
দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাফের সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। একই সভায় ফিফার নিষেধাজ্ঞায় থাকা নেপালকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সাফ।
২০২৪ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে সালাউদ্দিনের দীর্ঘ অধ্যায়ের ইতি ঘটলেও সাফের শীর্ষ পদে তাঁর অবস্থান অটুট থাকছে আবারও। ২০০৯ সালে প্রথমবার সাফ সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে টানা এই দায়িত্ব পালন করে আসছেন তিনি।
সাফের আগের গঠনতন্ত্রে সভাপতি হিসেবে দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন এবং ৭০ বছরের বেশি বয়সে নির্বাহী কমিটিতে থাকার সুযোগ ছিল না। তবে গত বছর গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এসব সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়। এরপর থেকেই সালাউদ্দিনের পুনর্নির্বাচন অনেকটা নিশ্চিত হয়ে যায়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সদস্যদেশগুলোর সমর্থন প্রয়োজন হলেও এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমর্থন নেননি সালাউদ্দিন। দেশের রাজনৈতিক বাস্তবতায় বর্তমান বাফুফে কমিটি তাঁকে সমর্থন দেওয়ার অবস্থায়ও ছিল না। তাই নেপাল ও ভুটানের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি।
মনোনয়ন জমা ও প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর থেকেই তাঁর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ছিল সময়ের অপেক্ষা। শনিবার থিম্পুতে সাফ কংগ্রেসে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সালাউদ্দিন ছাড়াও বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ সাফের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।