ফের একই গ্রুপে ভারত-পাকিস্তান, কাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ?
খেলা ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ১৮:০৮
দক্ষিণ এশিয়ার ফুটবলে আবারও একই গ্রুপে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আসন্ন পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে দুই দল জায়গা পেয়েছে একই ‘বি’ গ্রুপে। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা।
শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল অংশ নিতে না পারায় ছয় দল নিয়েই সম্পন্ন হয়েছে এবারের ড্র। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে মালদ্বীপ। এই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি খেলবে সেমিফাইনালে।
স্বাগতিক বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ‘এ’ গ্রুপের লড়াই। ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে হামজারা। তবে সেপ্টেম্বরের মধ্যে নেপালের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে তারা যুক্ত হবে বাংলাদেশের গ্রুপে। সেক্ষেত্রে চার দলের গ্রুপ হলেও শীর্ষ দুই দলই পাবে সেমিফাইনালের টিকিট। আর নেপাল না ফিরলে ‘এ’ গ্রুপ থাকবে তিন দলের।
বাংলাদেশের ফুটবলে সাফের স্মৃতি বেশ উজ্জ্বল। ২০০৩ সালে নিজেদের মাটিতে সর্বশেষ এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত আসরে সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজের দল। ২০১৮ সালের পর এবার সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বাংলাদেশ।