Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশে আসছেন কিলিয়ান এমবাপে!

বাংলাদেশে আসছেন কিলিয়ান এমবাপে!

খেলা ডেস্ক

০৩ আগস্ট ২০২৬, ১৮:৫৩

বাংলাদেশের ফুটবলে নতুন উন্মাদনা তৈরি করতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে ঢাকায় আনার পরিকল্পনা করা হচ্ছে। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাকে দেখা যেতে পারে।

সোমবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের কাছে বিষয়টি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপেকে অতিথি হিসেবে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ‘দেশের ফুটবলে নতুন জোয়ার তৈরি করাই সরকারের লক্ষ্য। তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তৈরি করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হচ্ছে। মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়বে।’

প্রতিযোগিতাকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনাও রয়েছে। উপজেলা পর্যায়ে একাধিক মাঠে একসঙ্গে খেলা আয়োজন করা হবে। এতে বেশি সংখ্যক প্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে।

মীর শাহে আলম আরও বলেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ফুটবল দল গঠন করতে না পারলে বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’ দেশের খেলার মাঠ উন্নয়নেও কাজ করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। তার মতে, তৃণমূল পর্যায়ে সুযোগ তৈরি করা গেলে ভবিষ্যতে আরও ভালো ফুটবলার উঠে আসবে।