Advertisement
Us Bangla Airlines
আজারবাইজান চলে যাচ্ছেন হামজা চৌধুরী!

আজারবাইজান চলে যাচ্ছেন হামজা চৌধুরী!

খেলা ডেস্ক

০৬ আগস্ট ২০২৬, ২২:১০

বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে নতুন দলবদলের গুঞ্জন জোরালো হচ্ছে। আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাস দাবি করেছে, ইংলিশ ক্লাব লিস্টার সিটি ছেড়ে দেশটির প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। তবে এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রতিবেদন অনুযায়ী, হামজার সঙ্গে সাবাহ এফসির আলোচনা কয়েক দিন ধরেই চলছিল। ব্যক্তিগত শর্ত নিয়েও দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে নতুন মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতেই দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডারকে।

গত মৌসুমে ধারে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন হামজা। এর আগে ওয়াটফোর্ডেও খেলেছেন তিনি। লিস্টার সিটির হয়ে এফএ কাপ, এফএ কমিউনিটি শিল্ড এবং ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে তার বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

এদিকে সাবাহ এফসি এবার আজারবাইজান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে অংশ নিচ্ছে। প্রথম দুই রাউন্ড পেরিয়ে দলটি ইতোমধ্যে তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। হামজার দলবদল চূড়ান্ত হলে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগও পেতে পারেন তিনি।

এমআই