Advertisement
Us Bangla Airlines
মেসির বাবার মৃত্যুর সংবাদ কি সঠিক?

মেসির বাবার মৃত্যুর সংবাদ কি সঠিক?

খেলা ডেস্ক

০৮ আগস্ট ২০২৬, ১৯:০১

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, শুক্রবার রাত ১০টায় দেশটির রোজারিও শহরের একটি ক্লিনিকে মারা গেছেন মেসির বাবা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমও ইনফোবের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে।

তবে হোর্হে মেসির মৃত্যুর খবর এখনো নিশ্চিত নয়। আর্জেন্টিনার অন্য কোনো সংবাদমাধ্যম কিংবা মেসির পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এর আগে মেসির বাবার অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মেসি। হ্যাটট্রিক করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও জানিয়েছিলেন, ব্যক্তিগতভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

এর কিছুদিন পর মেসি পরিবার এক বিবৃতিতে জানায়, হোর্হে মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। বিশ্বকাপ শেষ করে নিজের শহর রোজারিওতে গিয়েছিলেন মেসি। সেখানে বাবার সঙ্গে সময় কাটানোর পর ইন্টার মায়ামির অনুশীলনে ফেরেন তিনি।

হোর্হে মেসি শুধু মেসির বাবা নন, দীর্ঘদিন ধরে ছেলের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ী এই ব্যক্তি ছেলের ক্যারিয়ারের মাঠের বাইরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামলেছেন। মেসির ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে চুক্তি ও বাণিজ্যিক বিষয়েও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এদিকে হোর্হে মেসির এখন পর্যন্ত মৃত্যুর খবরের আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই ইনফোবে ও তাদের বরাত দেওয়া সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন প্রকাশিত হলেও মেসির পরিবার বা নির্ভরযোগ্য কোনো আর্জেন্টাইন সূত্রের নিশ্চিত বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।