Advertisement
Us Bangla Airlines
বেশি গোল করায় রহস্যময় বিপদে হালান্ড!

বেশি গোল করায় রহস্যময় বিপদে হালান্ড!

খেলা ডেস্ক

১১ আগস্ট ২০২৬, ২২:২৩

গোল করাটাই যেন এবার আর্লিং হালান্ডের জন্য বিপদ! ম্যানচেস্টার সিটির অধিনায়ক হওয়ার দৌড়ে থাকলেও নরওয়ের এই গোলমেশিনকে নিয়ে খুব একটা ভাবছেন না কোচ এনজো মারেসকা। কারণ, অধিনায়ক হলে গোলের পর তাঁর উদযাপনই নাকি দলের গুরুত্বপূর্ণ কিছু সময় কেড়ে নিতে পারে!

বার্নার্দো সিলভা গত মৌসুম শেষে ক্লাব ছাড়ার পর ম্যানচেস্টার সিটির অধিনায়কত্বে তৈরি হয়েছে শূন্যতা। সেই জায়গায় নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়া চলছে। দলে সম্ভাব্য অধিনায়ক হিসেবে কয়েকজনের নাম থাকলেও হালান্ডকে নিয়ে মারেসকার ভাবনা কিছুটা ভিন্ন।

এর পেছনে আছে কোচের পুরোনো একটি নিয়ম। লেস্টার সিটি ও চেলসিতে দায়িত্ব পালনের সময় মারেসকার নিয়ম ছিল, দল গোল করার পর অধিনায়ক উদযাপনে না গিয়ে সরাসরি ডাগআউটে চলে আসবেন। সেখানে কোচের কাছ থেকে নিতে হবে পরবর্তী নির্দেশনা।

অধিনায়ক নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সেই নিয়মের কথাই তুলে ধরেন মারেসকা। তিনি বলেন, ‘লেস্টার ও চেলসিতে আমার একটি নিয়ম ছিল। আমরা গোল করলে অধিনায়ককে উদযাপন না করে বেঞ্চে এসে নির্দেশনা নিতে হতো।’

এরপর হালান্ডকে নিয়ে মজার ছলে নিজের সমস্যাটাও বুঝিয়ে দেন সিটির কোচ। বলেন, ‘কিন্তু সে (হালান্ড) গোল করলে তো উদযাপন করতে পারবে না। আর্লিং অধিনায়ক হলে আমাদের তো সমস্যা হয়ে যাবে। ভাবতে পারছেন?’

মারেসকার যুক্তি অবশ্য নিছক মজা নয়। তাঁর মতে, গোলের পরের দুই-তিন মিনিটও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সেই সময়টায় দলের খেলায় প্রয়োজনীয় পরিবর্তন আনা কিংবা খেলোয়াড়দের নতুন নির্দেশনা দেওয়া সম্ভব। অর্থাৎ, সিটির অধিনায়ক নির্বাচনে হালান্ডের গোল করার দক্ষতাই উল্টো হয়ে দাঁড়াচ্ছে মজার এক বাধা।

এমআই