বাবা হারানো মেসির পাশে দাঁড়ালেন রোনালদো
খেলা ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ২১:২১
বাবাকে হারিয়ে শোকে মুহ্যমান লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে বাবা হোর্হে মেসির মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা। তার সেই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে ফুটবল বিশ্ব। তবে সবার নজর কেড়েছে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সমবেদনা।
মেসির ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে পর্তুগিজ তারকা লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমাকে এবং তোমার পরিবারকে একটি বড় আলিঙ্গন, লিও। অনেক শক্তি ও সাহস কামনা করছি।’ ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর দীর্ঘ নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণমূলক পোস্ট দেন মেসি।
সেখানে বাবাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি নেই। এই বাস্তবতা আমি মেনে নিতে পারছি না। তোমাকে ছাড়া কীভাবে পথ চলব, ভেবে পাচ্ছি না।’ মেসির এই শোকের সময়ে শুধু রোনালদোই নন, পাশে দাঁড়িয়েছেন ফুটবল বিশ্বের আরও অনেক তারকা।
বার্সেলোনার সাবেক অধিনায়ক কার্লেস পুয়োল, সার্জিও রবের্তো, আর্জেন্টিনার সাবেক তারকা অ্যাঞ্জেল দি মারিয়াসহ অনেকে মেসির প্রতি সমবেদনা জানিয়েছেন। মেসির সাবেক ক্লাব বার্সেলোনার অফিসিয়াল হ্যান্ডেল থেকেও জানানো হয়েছে গভীর শোক ও সমবেদনা।
তবে মেসি-রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণে পর্তুগিজ তারকার এই বার্তাই পেয়েছে সবচেয়ে বেশি নজর। মাঠের লড়াইয়ের বাইরে কঠিন সময়ে একে অন্যের পাশে দাঁড়ানোর এই মুহূর্ত আবারও মনে করিয়ে দিল, ক্রীড়াঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে মানবিক সম্পর্কই শেষ কথা।
এমআই