ফিফার টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ
খেলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ২০:৩০
শেষ মুহূর্তে সুযোগ মিলেছে বাংলাদেশের। ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় আয়োজিত আসিয়ান অঞ্চলের টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভারতের নাম প্রত্যাহারের পর তাদের জায়গায় সুযোগ পেয়েছে হামজা চৌধুরীদের দল। জাতীয় দল কমিটির সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বিকেলে বাফুফের জাতীয় দল কমিটির বিশেষ সভায় টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর যাতায়াত ও আবাসনসহ সব খরচ বহন করবে আয়োজকরা। ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর বাড়তি আর্থিক চাপও পড়ছে না।
শুরুতে আসিয়ান কাপে খেলার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। ভারতকে রাখা হয়েছিল টুর্নামেন্টে। পরে একটি দল নাম প্রত্যাহার করায় পাকিস্তান সুযোগ পায়। তখন বাংলাদেশকে কেন রাখা হয়নি, তা নিয়ে সমালোচনাও হয়েছিল। শেষ পর্যন্ত ভারতের সরে দাঁড়ানোয় খুলে যায় বাংলাদেশের দরজা।
আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে। সেপ্টেম্বরে বাংলাদেশে একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। একই সময়ে কিরগিজস্তানেও খেলার আমন্ত্রণ ছিল। আসিয়ান কাপের সুযোগ পাওয়ায় সেই দ্বিধা আপাতত কেটে গেছে।
ভারত না থাকায় বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলতে পারে। সেখানে হামজা চৌধুরীদের প্রতিপক্ষ হতে পারে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।