Advertisement
Us Bangla Airlines
কুইন সুলিভানের সঙ্গে তর্ক, শাস্তির মুখে মেসি

কুইন সুলিভানের সঙ্গে তর্ক, শাস্তির মুখে মেসি

খেলা ডেস্ক

২০ আগস্ট ২০২৬, ১৮:২৫

মাঠে গোল, অ্যাসিস্ট, দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু ম্যাচ শেষে আলোচনায় লিওনেল মেসির অন্য এক ঘটনা। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র করা ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। এই ঘটনায় শাস্তির মুখে পড়তে পারেন তিনি।

ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয়ার্ধে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফিলাডেলফিয়ার ফুটবলার কুইন সুলিভানের দিকে এগিয়ে গিয়ে মেসি কিছু একটা বলছেন। একপর্যায়ে কুইনও তার দিকে এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন মেসিকে কুইনের মাথায় হাত দিয়ে টোকা দিতে দেখা যায়। পরে রেফারি এসে দুজনকে আলাদা করেন।

ম্যাচের পর ঘটনাটি এখন নজরে এসেছে মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটির। সাংবাদিক ও ধারাভাষ্যকার হোসে আরমান্দোর বরাতে ডেইলি স্পোর্টস জানিয়েছে, মেসি ও কুইনের মধ্যকার ওই ঘটনার পর্যালোচনা করছে কমিটি। এখনও অবশ্য মেসির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক শাস্তি ঘোষণা করা হয়নি।

তবে ঘটনার মূল্যায়নের পর তার জরিমানা হতে পারে। পরিস্থিতি গুরুতর বিবেচিত হলে ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তিও আসতে পারে। এমএলএসের নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পর মাঠের কোনো ঘটনা ডিসিপ্লিনারি কমিটির পর্যালোচনার আওতায় আসতে পারে। ফলে মেসির ভাগ্যে কী আছে, সেটি নির্ভর করছে কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

অবশ্য ম্যাচে মেসির পারফরম্যান্স ছিল আলো ছড়ানো। ২১ মিনিটে তার তৈরি করা সুযোগ থেকে গোল করে সমতায় ফেরে মায়ামি। এরপর ২৬ মিনিটে নিজেই গোল করে দলকে এগিয়েও দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি, ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।

এমআই