Advertisement
Us Bangla Airlines
আসিয়ান কাপে খেলতে ফিফা থেকে অনুমোদন পেল বাংলাদেশ 

আসিয়ান কাপে খেলতে ফিফা থেকে অনুমোদন পেল বাংলাদেশ 

খেলা ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ১৯:২৬

ভারতের জায়গায় এবার আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ফিফা ও আয়োজক কর্তৃপক্ষ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে আয়োজিত হতে যাচ্ছে আসিয়ান কাপ। সেখানে ভারতের খেলার কথা থাকলেও সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থাকায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে তারা। এরপরই ভারতের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা।

গত শুক্রবার জরুরি সভা করে টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দেয় বাফুফের জাতীয় দল কমিটি। এরপর অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের। সেটিও এসে যাওয়ায় আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকল না।

গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের আসিয়ান কাপে খেলা নিয়ে আলোচনা চলছিল। জাতীয় দলের কোচ থমাস ডুলি হোমেও টুর্নামেন্টটিতে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। বাফুফের জন্য বাড়তি স্বস্তির বিষয়, এই টুর্নামেন্টে অংশ নিতে তাদের কোনো খরচ করতে হবে না।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান টুর্নামেন্ট। ভারত ছিল ‘এ’ গ্রুপে। তাদের পরিবর্তে বাংলাদেশও একই গ্রুপে খেলবে বলে জানা গেছে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।