বাংলাদেশে খেলতে আসতে পারে ব্রাজিল
খেলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ১৯:৪৩
বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ, এত দিন যা ছিল কোটি ফুটবলপ্রেমীর স্বপ্ন, এবার তাতে দেখা দিয়েছে বাস্তব সম্ভাবনার আলো। ঢাকার জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখে গেল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। মাঠ থেকে ড্রেসিংরুম, গ্যালারি থেকে ড্রেনেজ ব্যবস্থা, স্টেডিয়ামের নানা সুযোগ-সুবিধা খুঁটিয়ে দেখেছেন তারা।
রোববার দুপুরে ঢাকায় এসে প্রায় ৪৫ মিনিট জাতীয় স্টেডিয়ামে অবস্থান করে ব্রাজিলের প্রতিনিধিদল। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। মাঠের বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পর্যবেক্ষণের পাশাপাশি মাঠকর্মীদের সঙ্গেও কথা বলেন ব্রাজিলের প্রতিনিধিরা।
পরিদর্শন শেষে বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান বলেন, ‘তারা আমাদের জানিয়েছে, ভবিষ্যতে আমাদের স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে, কিংবা বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারে।’
ব্রাজিলের প্রতিনিধিদের জানানো হয়েছে, জাতীয় স্টেডিয়ামের সংস্কার ও প্রস্তুতির কাজ এখনও চলছে। মাঠ পুরোপুরি প্রস্তুত হতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করার বিষয়ে তাদের অবহিত করেছে বাফুফে।
শুধু সবুজ মাঠ দেখেই সন্তুষ্ট হয়নি ব্রাজিলের প্রতিনিধিদল। মাঠে পানি দেওয়ার ব্যবস্থা, ড্রেনেজ, ড্রেসিংরুম এবং গ্যালারির অবস্থাও সরেজমিনে যাচাই করেছে তারা। প্রয়োজন হলে ভবিষ্যতে আবারও জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারে বলে জানিয়েছে প্রতিনিধিদলটি।
তবে আপাতত ব্রাজিলের বাংলাদেশ সফরকে নিশ্চিত বলে ধরে নেওয়ার সুযোগ নেই। বাফুফের ভাষ্য অনুযায়ী, এবারের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ও অবকাঠামো যাচাই করা। বাংলাদেশে ম্যাচ খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি ব্রাজিল।