ভারত ম্যাচের আগে বাংলাদেশের প্রধান কোচ বরখাস্ত
খেলা ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৭
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদে বড় পরিবর্তন এসেছে। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে টানা দুই ম্যাচ হারের পর ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে ৬ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশকে সামলাবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।
উজবেকিস্তানে দলের সঙ্গে থাকা জোন্সকে ইতোমধ্যে দলের হোটেল থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমেইলে তাকে বরখাস্তের চিঠি দিয়েছেন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে চলমান দায়িত্ব থেকে অব্যাহতির পাশাপাশি জোন্সের সঙ্গে চুক্তি বাতিলের কথাও জানায় ফেডারেশন।
সিরিয়ার বিপক্ষে গতকাল ৩-০ গোলে হারের পরই জোন্সকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছেও হেরেছিল বাংলাদেশ। টানা দুই পরাজয়ের সঙ্গে দলের হতাশাজনক পারফরম্যান্সই শেষ পর্যন্ত জোন্সের বিদায়ের কারণ হয়েছে।
ভারতের বিপক্ষে শেষ ম্যাচে দায়িত্ব পাওয়া মিশুর জন্য অবশ্য কাজটা সহজ নয়। টুর্নামেন্টে বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ। তবু শেষ ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান মিশু। তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত ম্যাচ সব সময়ই মর্যাদার। আমাদের জন্য টুর্নামেন্ট প্রায় শেষই। গাণিতিক কিছু সম্ভাবনা রয়েছে যদিও। আমরা ভারতের বিপক্ষে তিন পয়েন্টের জন্য খেলব।’
অথচ এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে যাওয়ার আগে বড় স্বপ্নই দেখেছিল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর লক্ষ্য ছিল এএফসি টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্য সামনে রেখেই ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে নিয়োগ দিয়েছিল বাফুফে।
কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ঘটনায় আলোচনায় ছিলেন জোন্স। কখনো বেতন নিয়ে অভিযোগ, আবার কখনো সহকারী কোচ মিশুর সঙ্গে হাতাহাতির ঘটনা সামনে আসে। উজবেকিস্তান সফরে মিশুকে দলের সঙ্গে না নেওয়ার ব্যাপারেও অনড় ছিলেন জোন্স। শেষ পর্যন্ত বাফুফের মধ্যস্থতায় দুজনই উজবেকিস্তান গেলেও মিশু ডাগআউটে থাকতে পারেননি।
দুই বছরের চুক্তিতে বাংলাদেশে এসেছিলেন জোন্স। কিন্তু দুই মাসের বেশি টিকল না তার অধ্যায়। চুক্তির শর্ত অনুযায়ী তিন মাসের বেতন দাবি করতে পারেন এই ব্রিটিশ কোচ।