Advertisement
Us Bangla Airlines
গোল করে কেন ‘৩০৪’ উদযাপন করেন ইয়ামাল?

গোল করে কেন ‘৩০৪’ উদযাপন করেন ইয়ামাল?

খেলা ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

গোল করার পর দুই হাত দিয়ে ‘৩০৪’ দেখানো লামিন ইয়ামালের উদযাপন এখন ফুটবলপ্রেমীদের বেশ পরিচিত। বার্সেলোনার তরুণ তারকার এই বিশেষ উদযাপনের পেছনে রয়েছে তার শৈশব ও বেড়ে ওঠার এলাকার গল্প। ইয়ামালের শৈশবের বন্ধু সোহাইব জানিয়েছেন সেই রহস্য।

রোকাফোন্ডায় মাত্র ছয় বছর বয়সে সোহাইবের সঙ্গে ইয়ামালের বন্ধুত্বের শুরু। ছোটবেলা থেকেই ইয়ামালের ফুটবল প্রতিভা দেখে মুগ্ধ ছিলেন সোহাইব। তার বিশ্বাস ছিল, পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে একদিন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হতে পারবেন ইয়ামাল।

খ্যাতির শীর্ষে উঠেও ইয়ামালের স্বভাব বদলায়নি বলে জানিয়েছেন তার বন্ধু। সুযোগ পেলেই তারা একসঙ্গে সময় কাটান। ইয়ামালকে নিজের ভাইয়ের মতোই মনে করেন সোহাইব। স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘তার্দে এআরকে’-তে দেওয়া এক সাক্ষাৎকারে এসব স্মৃতি তুলে ধরেন তিনি।

তবে সোহাইবের কথায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘৩০৪’ উদযাপন। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের বেড়ে ওঠার এলাকা রোকাফোন্ডার পোস্টাল কোডের শেষ তিন সংখ্যা হলো ‘৩০৪’। সেই সংখ্যাটিই দুই হাতের ভঙ্গিতে প্রকাশ করেন ইয়ামাল।

সোহাইব জানান, যুব দলের কোপা দেল রের একটি ম্যাচের আগে রোকাফোন্ডায় থাকার সময় ইয়ামাল নিজের পারফরম্যান্স দিয়ে কিছু প্রমাণ করতে চেয়েছিলেন। তখনই তাকে ‘৩০৪’ সংকেতটি করার পরামর্শ দেন সোহাইব। এলাকাতেও সংখ্যাটি তারা নিয়মিত ব্যবহার করতেন।

ইয়ামালের ভঙ্গিটি এতটাই পছন্দ হয়ে যায় যে এরপর গোল করার পর নিয়মিত ‘৩০৪’ উদযাপন করতে শুরু করেন তিনি। সময়ের সঙ্গে এটি বার্সেলোনার ১০ নম্বরের গোল উদযাপনের নিজস্ব স্বাক্ষরে পরিণত হয়েছে।