২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলবেন হামজা
খেলা ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৮
উদীয়মান মিশরীয় স্ট্রাইকার হামজা আবদেলকারিমকে ২০৩০ সাল পর্যন্ত নিজেদের সঙ্গে রেখে দিয়েছে বার্সেলোনা। নতুন চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। হামজার সঙ্গে চুক্তি বাড়ানোর খবরটি প্রথম প্রকাশ করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’।
কয়েক সপ্তাহ ধরেই তাঁকে দীর্ঘমেয়াদে ধরে রাখার পরিকল্পনা করছিল বার্সা। প্রাক-মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর সেই সিদ্ধান্তে আর দেরি করেনি ক্লাবটি। প্রাক-মৌসুমে মাত্র পাঁচ ম্যাচে চার গোল করে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা হন হামজা। তাঁর এই পারফরম্যান্সে দ্রুতই বেড়ে যায় বাজারমূল্য।
একই সঙ্গে তাঁকে নিয়ে অন্য ক্লাবগুলোর আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনাও দেখেছিল বার্সা। তাই পুরোনো চুক্তির ১ কোটি ৫০ লাখ ইউরোর রিলিজ ক্লজ নিয়ে সন্তুষ্ট ছিল না ক্লাবটি। নতুন চুক্তিতে হামজার বাইআউট ক্লজ বাড়িয়ে ১৫ কোটি ইউরো করার পরিকল্পনা রয়েছে বার্সেলোনার।
হামজার বার্সায় আসার গল্পটাও বেশ চমকপ্রদ। মিশরের ঐতিহ্যবাহী ক্লাব আল আহলি থেকে ধারে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দল জুভেনিল ‘এ’-তে যোগ দেন তিনি। সেখানে নজর কাড়ার পর মাত্র ১৫ লাখ ইউরোর বাইআউট ক্লজ কাজে লাগিয়ে তাঁকে স্থায়ীভাবে দলে ভেড়ায় বার্সেলোনা।
এরপর প্রাক-মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সই বদলে দেয় পরিস্থিতি। হামজাকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যায় বার্সা। সম্প্রতি আরেক তরুণ ফুটবলার দ্রোকে কম রিলিজ ক্লজে হারানোর পর হামজার ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে চায়নি ক্লাবটি।
আলোচনা শেষে তাই প্রাথমিকভাবে ২০২৯ সাল পর্যন্ত চুক্তির ভাবনা থেকে সরে এসে আরও এক বছর বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত হামজাকে ন্যু ক্যাম্পে রেখে দিয়েছে বার্সেলোনা। মাত্র ১৫ লাখ ইউরোয় দলে আসা হামজা এখন বার্সেলোনার ভবিষ্যৎ তারকাদের একজন।