নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ব্রাজিল কোচ
খেলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৭
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজের শেষ ম্যাচের খবর জানিয়েছেন নেইমার। তবুও ভক্তরা মিরাকলের অপেক্ষায় ছিল। কিন্তু ব্রাজিলের জার্সিতে নেইমারের ফেরার অপেক্ষার বুঝি এখানেই শেষ। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, বিশ্বকাপের পর নেইমার নিজেই তাকে খেলতে চান না বলে জানিয়েছেন। ফলে তার অধ্যায় শেষ, বিষয়টি অনেকটাই স্পষ্ট।
সিএনএন এস্পোর্তেসকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি অবশ্য নেইমারের প্রতিভার প্রশংসায় ছিলেন অকপট। তার মতে, সামর্থ্যের বিচারে বিশ্বকাপে নেইমারের থাকা উচিত ছিল। কিন্তু খেলোয়াড়টির নিজের সিদ্ধান্তকে সম্মান করছেন তিনি।
আনচেলত্তি বলেন, ‘তার মানের কারণেই তার সেখানে (বিশ্বকাপে) থাকা উচিত ছিল। নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে আর ফিরতে চায় না। নেইমারের বিকল্প পাওয়া সম্ভব নয়, কারণ সে এক অসাধারণ ও অনন্য প্রতিভা।’
নেইমারকে ঘিরে অধ্যায়ের সমাপ্তির পর ব্রাজিলের সামনে এখন নতুন দল গড়ার চ্যালেঞ্জ। আনচেলত্তির পরিকল্পনায় ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে তৈরি হবে নতুন প্রজন্ম। পুরোনো নির্ভরতা কাটিয়ে ভবিষ্যতের জন্য একটি ভারসাম্যপূর্ণ দল দাঁড় করাতেই জোর দিচ্ছেন ইতালিয়ান কোচ।
তরুণদের অগ্রাধিকার দেওয়ার কথাও স্পষ্ট করেছেন তিনি। আনচেলত্তির নজরে রয়েছে ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া ফুটবলাররা। পাশাপাশি ২০০৮ সালে জন্ম নেওয়া বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়কেও ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে দেখছেন তিনি।
তবে বয়স দিয়ে অভিজ্ঞদের পুরোপুরি বাতিল করে দিতে চান না আনচেলত্তি। ৩৬ কিংবা ৩৭ বছর বয়সেও একজন ফুটবলার সেরা পারফরম্যান্স দিতে পারেন বলে মনে করেন তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্রাজিলের জন্য তরুণদের সামনে এগিয়ে দেওয়ার সময় এসেছে।
এমআই