বাংলাদেশ দলে নতুন চমক, আসিয়ান কাপে আরও ৩ প্রবাসী ফুটবলার
খেলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৯
জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা আরও তিন প্রবাসী ফুটবলারকে নিয়ে আসিয়ান কাপের চূড়ান্ত দল সাজিয়েছে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের ফারহান আলী ওয়াহিদ, জাপানপ্রবাসী শুকি ইতফুসা ও যুক্তরাজ্যপ্রবাসী সেন্টার-ব্যাক জিদান আলেকজান্ডার ইউসুফ জায়গা পেয়েছেন ২৩ সদস্যের দলে।
তিনজনের জন্যই এটি জাতীয় দলের হয়ে বড় মঞ্চে নিজেদের মেলে ধরার প্রথম সুযোগ। জাতীয় দলের ক্যাম্পে নিজেদের সামর্থ্য দেখিয়ে কোচ থমাস ডুলির আস্থা অর্জন করেছেন তাঁরা। এবার সেই আস্থার প্রতিদান দেওয়ার পালা আসিয়ান কাপের মঞ্চে।
আক্রমণভাগে নতুন বিকল্প হিসেবে দলে এসেছেন ফারহান আলী ওয়াহিদ। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে স্বীকৃত সেন্টার ফরোয়ার্ডের ঘাটতি নিয়ে আলোচনা ছিল। সেই জায়গায় ফারহানকে দেখছেন কোচ ডুলি। দলের সঙ্গে যোগ দিতে তিনি সরাসরি ইন্দোনেশিয়ায় যাবেন।
রক্ষণভাগে নজর কেড়েছেন জিদান আলেকজান্ডার ইউসুফ। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল। এবার জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা করে নিয়ে সামনে খুলেছে আরও বড় পরীক্ষার দরজা।
আক্রমণভাগে আরেকটি বিকল্প যোগ করেছেন জাপানপ্রবাসী শুকি ইতফুসা। জাতীয় দলের ক্যাম্পে থাকার পর চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন তিনিও। প্রবাসী তিন ফুটবলারই নতুন মুখ হলেও চূড়ান্ত দলে নেই কিছু আলোচিত নাম। গোলকিপিংয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফ কেরাওয়ালা জায়গা পাননি। বাদ পড়েছেন আনিসুর রহমান জিকো।
অন্যদিকে প্রাথমিক স্কোয়াডে না থাকলেও মূল দলে আছেন হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম ও ফাহামেদুল ইসলাম। কদিন আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া জায়ান আহমেদও আছেন চূড়ান্ত তালিকায়।
আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু হবে। তিন দিন পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।
বাংলাদেশ ফুটবল দল
মিতুল মারমা, মোঃ সুজন হোসেন, মোঃ মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, মোঃ শাকিল আহাদ তপু, মোঃ সাদ উদ্দিন, মোঃ রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মোঃ সোহেল রানা, সোহেল রানা, মোঃ হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোঃ মিনহাজুল করিম স্বাধীন, ফাহামেদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, সমিত শোম, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতফুসা।
এমআই