অস্ট্রেলিয়ার ২ গোলের জবাবে ব্রাজিলের একহালি
খেলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৮
দুই গোল করে ব্রাজিলকে চাপে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ হাসিটা হাসল সেলেসাওরাই। প্রতিপক্ষের দুই গোলের জবাবে চারবার অস্ট্রেলিয়ার জালে বল পাঠিয়ে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে ড্র এর সমালোচনাকে পেছনে ফেলে এবার জয়ের আনন্দে ভাসছে আনচেলত্তির শিষ্যরা।
শুরুটা অবশ্য ব্রাজিলের পক্ষেই ছিল। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে ভান্দেরসনের গোলে এগিয়ে যায় তারা। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে সতীর্থদের দ্রুত পাসের পর নিচু শটে দূরের কোণ খুঁজে নেন এই ডিফেন্ডার। ব্রাজিলের সামনে তখন বড় জয়ের সম্ভাবনাই যেন উঁকি দিচ্ছিল। কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি।
২৮ মিনিটে কর্নার থেকে আলেসান্দ্রো সিরকাতির গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। এরপর ৩৩ মিনিটে আসে আরও বড় ধাক্কা। কনর মেটকাফের দুর্দান্ত শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার আগে অবশ্য ব্যবধান মুছে দেয় ব্রাজিল।
অস্ট্রেলিয়ার বক্সে দানিলোকে হ্যারি সাউটারের চ্যালেঞ্জের পর ভিএআরের সহায়তা নেন রেফারি। রিপ্লে দেখে ব্রাজিলকে পেনাল্টি দেওয়া হলে দায়িত্ব নেন রাফিনিয়া। স্পটকিক থেকে নিচু ও শক্তিশালী শটে অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচকে পরাস্ত করেন ব্রাজিল অধিনায়ক। ৪৫ মিনিটে তাঁর গোলে ২-২ সমতায় ফেরে সেলেসাওরা।
দ্বিতীয়ার্ধে অবশ্য ব্রাজিলের একাদশে পরিবর্তন আনেন কার্লো আনচেলত্তি। রাফিনিয়ার জায়গায় মাঠে নামেন এন্দ্রিক। অধিনায়কের আর্মব্যান্ডও উঠে যায় ব্রুনো গুইমারেসের হাতে।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে ব্রাজিলের হাতে চলে আসে। এন্দ্রিকের তৈরি করা আক্রমণ থেকেই ৬৯ মিনিটে ব্রাজিলকে আবার এগিয়ে দেন ব্রুনো গুইমারেস। এবার আর ম্যাচ হাতছাড়া করেনি সেলেসাওরা। জয়ের ব্যবধান আরও বাড়ে ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টিতে।
স্পটকিক থেকে বল জালে পাঠিয়ে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর শেষ আশাটুকুও শেষ করে দেন তিনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার দুই গোলের জবাবে ব্রাজিলের একহালি। ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।