নাইট ক্লাবে যাওয়া নিয়ে তদন্ত, বন্ধ হচ্ছে ক্রীড়া ভাতা
খেলা ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ১৯:০৫
ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বড় হারের পর নাইট ক্লাবে যাওয়া নিয়ে উঠেছে অভিযোগ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই খেলোয়াড় সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়র নাইট ক্লাবে সময় যাপন করেছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে। সেটি প্রমাণিত হলে বন্ধ হতে পারে তাদের রাষ্ট্রীয় ক্রীড়া ভাতাও।
গত ১ অক্টোবর ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। ইন্দোনেশিয়ার এক নারীর পোস্ট করা ওই ছবিতে থাকা দুই ব্যক্তিকে সাদ ও সোহেল হিসেবে দাবি করা হয়। বিষয়টি ঘিরে দেশে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন দুই ফুটবলার। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি পুরনো। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পরের কোনো ঘটনার সঙ্গে এর সম্পর্ক নেই। যদিও সেখানে উল্লেখ করা হোটেলটি ছিল ইন্দোনেশিয়ার।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে এশিয়ান গেমসে উশুতে পদকজয়ী জিনাত আক্তারকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জানান, অভিযোগের সত্যতা খুঁজে বের করতে তদন্ত চলছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবলের ফলাফল এমনিতেই খুব বাজে হয়েছে। তার ওপর এই অভিযোগ এসেছে। আমি অত্যন্ত হতাশ। তৎকালীন দলের দায়িত্বে বা ম্যানেজমেন্টে কারা ছিলেন, আমরা সেটিও খতিয়ে দেখছি।’
অভিযোগ প্রমাণিত হলে দুই ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় থাকলে সেই ভাতাও বাতিল হতে পারে বলে সতর্ক করেছেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি, তাদের নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ প্রমাণিত হলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি ক্রীড়া ভাতা কর্মসূচির অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তবে তাও বাতিল করা হবে।’
ঘটনার সময় দলের দায়িত্বে থাকা ম্যানেজমেন্টের ভূমিকাও তদন্তের আওতায় আসছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়ালের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আমি বাফুফে সভাপতির (তাবিথ আওয়াল) সঙ্গে কথা বলেছি। তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। ফিরলে বাকি বিষয়গুলো নিয়ে কাজ করব। এ বিষয়ে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের পারফরম্যান্সের পর তারা কীভাবে এমন কাজ করার সাহস পেল, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’