Advertisement
Us Bangla Airlines
মেসির বিদায়ী ম্যাচে নেই বিশ্বকাপ জয়ী ৫ ফুটবলার

মেসির বিদায়ী ম্যাচে নেই বিশ্বকাপ জয়ী ৫ ফুটবলার

খেলা ডেস্ক

০৬ অক্টোবর ২০২৬, ১৩:৩৫

বিদায়ের মঞ্চ প্রস্তুত, অপেক্ষা শুধু লিওনেল মেসির পায়ের ছোঁয়ার। বুধবার মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে মেসিকে ঘিরে সাজানো হয়েছে বিশেষ আয়োজন। মাঠজুড়ে থাকবে আবেগ, স্মৃতি আর বিশ্বকাপজয়ী সতীর্থদের পুনর্মিলন। কিন্তু সেই বহুল প্রতীক্ষিত মুহূর্তে কাতার বিশ্বকাপজয়ী দলের পাঁচ সদস্যকে দেখা যাবে না।

মেসিকে ঘিরে এই বিশেষ আয়োজনে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের জন্যও আমন্ত্রণ জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া আগেই জানিয়েছিলেন, এই মিলনমেলার মূল উদ্দেশ্য বিশ্বচ্যাম্পিয়নদের একসঙ্গে করা। কিন্তু ক্লাবের ব্যস্ত সূচি, ভ্রমণ জটিলতা ও চোটের কারণে শেষ পর্যন্ত সবাইকে পাওয়া যাচ্ছে না।

সবচেয়ে আলোচিত অনুপস্থিতির তালিকায় আছেন নাহুয়েল মোলিনা ও পাওলো দিবালা। দুজনই ইতালিয়ান ক্লাব রোমার খেলোয়াড়। মেসির বিদায়ী আয়োজনে যোগ দেওয়ার অনুমতি তাদের দেয়নি ক্লাবটি। দীর্ঘ ভ্রমণের পরপরই গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রোমা।

ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, মেসির সঙ্গে সম্পর্কিত এবং ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মোলিনা ও দিবালার জন্য এই আয়োজনের গুরুত্ব তারা বোঝে। তবে ভ্রমণের সময় এবং সামনে থাকা ম্যাচগুলোর সময়সূচি বিবেচনায় তাদের ছাড়পত্র দেওয়া সম্ভব হয়নি।

মোলিনার ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। ফিফার সাত ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় আর্জেন্টিনার প্রীতি ম্যাচের স্কোয়াডে তাকে রাখার সুযোগ ছিল না। দিবালাও বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে। একই ক্লাবের মাতিয়াস সুলে ও সান্তিয়াগো কাস্ত্রো অবশ্য আর্জেন্টিনার প্রীতি ম্যাচের জন্য ডাক পাওয়ায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন।

মেসির এই বিশেষ দিনে থাকছেন না আলেহান্দ্রো ‘পাপু’ গোমেসও। কাতার বিশ্বকাপজয়ী দলের অভিজ্ঞ এই ফুটবলার সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ফোর্তে ভির্টুসে যোগ দিয়েছেন। বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। ডোপিং নিষেধাজ্ঞার পর সতীর্থদের সঙ্গে অভ্যন্তরীণ কিছু সমস্যাও তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রভাব ফেলেছিল।

আরেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রাঙ্কো আরমানিও থাকছেন না মনুমেন্তালে। কলম্বিয়ান ক্লাব আতলেতিকো নাসিওনালের হয়ে বুধবার দেপোর্তেস তোলিমার বিপক্ষে ম্যাচ রয়েছে তার। ক্লাবের দায়িত্বের কারণেই মেসির বিদায়ী আয়োজন থেকে দূরে থাকতে হচ্ছে তাকে।

তালিকার পঞ্চম নাম হুয়ান ফয়েথ। শুরুতে তাকে দলে ডাকা হলেও চোটের কারণে পরে স্কোয়াড থেকে বাদ পড়েন এই ডিফেন্ডার। বর্তমানে স্পেনে ফিরে যাওয়ায় ভিয়ারিয়ালও তাকে নতুন করে আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি দেয়নি।