লাল কার্ড দিয়ে শুরু, দুই কার্ড পেয়ে শেষ মেসির ক্যারিয়ার
খেলা ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ১৩:৩০
অভিষেক ম্যাচে এক মিনিটও মাঠে থাকতে পারেননি। মাত্র ৪৫ সেকেন্ডেই দেখতে হয়েছিল লাল কার্ড। দুই দশক পর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে আবারও কার্ড পেলেন লিওনেল মেসি। এবার অবশ্য বিদায়ের স্মারক হিসেবে হাতে উঠেছে হলুদ ও লাল কার্ড। লাল কার্ড দিয়ে শুরু, দুই কার্ডে শেষ হলো আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ পথচলা।
২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপরই ঘটে সেই ঘটনা। হাঙ্গেরির ডিফেন্ডার ভিলমোস ভানজাক মেসির জার্সি টেনে ধরলে নিজেকে ছাড়াতে হাত দিয়ে তাঁকে সরানোর চেষ্টা করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এ সময় মেসির কনুই ভানজাকের মুখে লাগে। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাঁকে।
সেই হতাশাজনক অভিষেকের পর মেসি অবশ্য থামেননি। ২০০৬ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন। যদিও সেই ম্যাচটি হেরে যায় আকাশি-নীলরা। তবে আর্জেন্টিনার হয়ে প্রথম বড় ফাইনালের স্বাদ পান ২০০৭ কোপা আমেরিকায়। ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে সেই ফাইনালও শিরোপাহীন কাটে।
এরপর ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার। ২০১৬ সালে কোপা আমেরিকার টানা দুই ফাইনালে পরাজয়ের পর আরও বড় ধাক্কা আসে। আবেগের বশে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন মেসি। পরে অবশ্য দেশের হয়ে খেলতে ফিরে আসেন।
প্রত্যাবর্তনের পরই বদলে যায় গল্প। ২০২১ সালে কোপা আমেরিকা জিতে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা পান মেসি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে পূর্ণ হয় তাঁর সবচেয়ে বড় স্বপ্ন। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর ২০২৬ সালে বিশ্বকাপের ফাইনালেও খেলেন তিনি।
বিশ্বকাপ শেষ হওয়ার কিছুদিন পরেই দিয়েছেন বিদায়ের ঘোষণা। এবার খেলেছেন বিদায়ী ম্যাচও। জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে মেসিকে দেওয়া হয়েছে হলুদ ও লাল কার্ড। যদিও এই কার্ডে কোনো শাস্তির বার্তা ছিল না। ছিল বিদায়ের স্মারক।
ম্যাচ শেষে সতীর্থদের আবেগের মাঝেও শুরুতে হাসিমুখে থাকার চেষ্টা করেছিলেন মেসি। কিন্তু আর্জেন্টিনাকে নিয়ে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারেননি। চোখে জমেছিল জল। যে ক্যারিয়ার শুরু হয়েছিল ৪৫ সেকেন্ডের লাল কার্ডে, তার শেষটায় এল দুটি কার্ডের স্মৃতি।
এর মাঝে পেরিয়ে গেছে ২১ বছর, এসেছে অসংখ্য অর্জন, হতাশা ও প্রত্যাবর্তন। সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনার জার্সিতে মেসি রেখে গেলেন বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপাসহ এক দীর্ঘ সাফল্যের উত্তরাধিকার। বারবার ব্যর্থ হওয়ার পর ঘুরে দাঁড়ানো মেসি ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়েই থাকবেন।
এমআই