Advertisement
Us Bangla Airlines
ক্রীড়া জগতে আয়ের শীর্ষে রোনালদো, বাকিদের উপার্জন কত?

ক্রীড়া জগতে আয়ের শীর্ষে রোনালদো, বাকিদের উপার্জন কত?

খেলা ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৭

অ্যাথলেটদের অনন্য এক উদাহরণ পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ইতোমধ্যে ৪০ স্পর্শ করলেও পারফরম্যান্স কিংবা আয়, কোথাও যেন ভাটা নেই। উল্টো বাড়ন্ত বয়সে যেন কীর্তি আর মাইলফলকের পসরা বসিয়েছেন এই ফুটবলার। এসবের মাঝে এবার আয়ের দিক থেকেও নজির গড়েছেন তিনি। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদদের তালিকায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন রোনালদো।

খেলাধুলার আর্থিক বিষয়ের সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে রোনালদো ছাড়া এ তালিকায় উপরের সারিতে রয়েছেন মেসি, নেইমারসহ আরও কিছু ফুটবলার।

এ তালিকায় শীর্ষে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আয়ের উৎস তার বেতন। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলা এই ফুটবলার শুধু পারিশ্রমিক বাবদ বার্ষিক আয় করেন ২১৫ মিলিয়ন ডলার। এছাড়া বিজ্ঞাপনসহ অন্যান্য চুক্তি থেকে রোনালদোর আয় হয়েছে ৪৫ মিলিয়ন ডলার। সবমিলিয়ে গত বছর মোট ২৬০ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩১৫০ কোটি টাকা।

রোনালদোর রেকর্ড আয়ের ধারেকাছেও নেই বিশ্বের কোনো অ্যাথলেট। এর থেকে প্রায় ১১ কোটি ডলার কম আয় করেন ৩৬ বছর বয়সী বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি। শুধু পারিশ্রমিক থেকেই এই অ্যাথলেট আয় করেন ৫.৩৮ কোটি ডলার। এছাড়া স্পন্সর ও নানান বিজ্ঞাপন থেকে এই বাস্কেটবল তারকার আয় ১০ কোটি ডলার। সবমিলিয়ে প্রায় ১৬ কোটি ডলারের মতো আয় করেন তিনি।

এ তালিকায় সেরা পাঁচে থাকা বাকি অ্যাথলেটরা হলেন- ব্রিটেনের ৩৬ বছর বয়সী সাবেক বক্সার টাইসন ফিউরি (১৪.৭০ কোটি ডলার), আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি (১৩.৫০ কোটি ডলার) এবং আরেক বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস (১৩.৩২ কোটি ডলার)। 

রোনালদো-মেসির মতো এ সেরা আয়ের তালিকায় জায়গা পেয়েছেন আরও কিছু ফুটবল তারকা। এর মধ্যে নেইমার ১১.২ কোটি, করিম বেনজেমা ১১.৬ কোটি, রিয়াদ মাহরেজ ৫.২ কোটি এবং সাদিও মানে ৪.৫৫ কোটি ডলার আয় করেছেন। উল্লেখ্য, আয়ের দিক থেকে শীর্ষ অ্যাথলেটের তালিকায় ৮ম স্থানে থাকা একমাত্র ব্রাজিলিয়ান নেইমারের বয়স ৩৬ এর কম। বাকি সবাই নেইমারের চেয়ে বেশি বয়সী।

সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট (শীর্ষ পাঁচ)

নাম বেতন স্পনসর আয় (ডলার)
ক্রিস্টিয়ানো রোনালদো ২১.৫ কোটি ৪.৫০ কোটি ২৬ কোটি
স্টিফেন কারি ৫.৩৮ কোটি ১০ কোটি ১৫.৩৮ কোটি
টাইসন ফিউরি ১৪ কোটি ৭০ লাখ ১৪.৭০ কোটি
লিওনেল মেসি ৬ কোটি ৭.৫০ কোটি ১৩.৫০ কোটি
লেব্রন জেমস ৪.৮২ কোটি ৮.৫০ কোটি ১৩.৩২ কোটি

এমআই