Advertisement
Us Bangla Airlines
অধিনায়ক হিসেবে লিটনের প্রথম লক্ষ্য কী?

অধিনায়ক হিসেবে লিটনের প্রথম লক্ষ্য কী?

খেলা ডেস্ক

০৭ মে ২০২৫, ১২:১৪

টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে লিটনের নামটা বেশি আলোচনায় ছিল। সেই লিটনের ওপর আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। লম্বা সময়ের জন্য নেতৃত্ব পাওয়া এই ওপেনার দলকে নিয়ে নিজের পরিকল্পনা গোছাতে শুরু করেছেন।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক লিটন নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন।

লিটনের নেতৃত্বে নতুন টি-টোয়েন্টি দল, শক্তি-দুর্বলতা কোথায়?

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে লিটনের লক্ষ্য হবে, এমন প্রশ্নে তিনি বলেন- ‘অধিনায়ক হিসেবে আমার প্রথম লক্ষ্য থাকবে- আমরা বাইরে গিয়ে যখন কোনো সিরিজ খেলছি সেটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে জিততে পারছি কি না। যদি পাঁচটা ম্যাচ খেলি তাহলে এর মধ্যে কয়টা আমরা জিতছি, কয়টা হারছি। তখন আমি চিন্তা করবো বড় ইভেন্টে গিয়ে কীভাবে জিতবো।’

তিনি আরও বলেন, ‘যখন বড় দেশের বিপক্ষে খেলছি, যেমন ধরুন পাকিস্তান। সিরিজ শেষে দেখা উচিত আমাদের ফলাফল কী। এর পর ধরুন ভারত, ওই একইরকম সিরিজ শেষে আমাদের ফলাফল কী। এই দলগুলোই তো বিশ্বকাপে গিয়ে খেলবে।’

লিটন বলেন, ‘আপনি যদি দ্বিপাক্ষিক সিরিজে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন তাহলে ইভেন্টে গিয়েও করতে পারাটা কঠিন। কারণ আপনি আরও চাপের মধ্যে পড়বেন, আরও চাহিদা থাকবে, আরও মানুষের আকাঙ্ক্ষা থাকবে। তাই আমার কাছে মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়েররই উচিত ভাবা যে সিরিজগুলোতে আমরা কীভাবে উন্নতি করতে পারছি। সঙ্গে আর কী করলে আরও ভালো করতে পারবো।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে এর আগেও নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে চার ম্যাচে দায়িত্ব পালন করা লিটন জিতেছেন ৩ ম্যাচ। ক্যারিবিয়ানদের মাটিতে গত ডিসেম্বরে ৩-০ ব্যবধানে জিতেছে তার দল। তাতেই অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া পাকা হয়েছে লিটনের।

এমআই