আইপিএলের নিলামে সাকিব-মোস্তাফিজ: ভিত্তিমূল্য কত?
খেলা ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ১৩:০১
আইপিএলের আসন্ন মিনি নিলাম সামনে রেখে প্রকাশিত হয়েছে খেলোয়াড়দের দীর্ঘ তালিকা। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই তারকা—অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান। দুজনেই আইপিএলে ভিন্ন দলের হয়ে একাধিক আসর মাতিয়েছেন।
আইপিএলের মিনি নিলামে বাংলাদেশের দুই তারকা আলাদা ক্যাটাগরিতে অবস্থান করছেন। টুর্নামেন্টটিতে ৯ মৌসুম খেলা সাকিবকে রাখা হয়েছে ১ কোটি রুপির ভিত্তিমূল্য ক্যাটাগরিতে। অন্যদিকে মুস্তাফিজ রয়েছেন সেরা বিদেশি ক্রিকেটারদের তালিকায়, যেখানে ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি।
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসবে একদিনের এই মিনি নিলামের আসর। মোট ১৩৫৫ জন ক্রিকেটারের নাম থাকলেও জায়গা মিলবে মাত্র ৭৭ জনের; এর মধ্যে বিদেশি কোটা খালি আছে ৩১টি। স্বল্পসংখ্যক এই আসনের জন্য লড়াই করবেন সাকিব-মোস্তাফিজ।
১৩ পৃষ্ঠার তালিকায় রং ছড়িয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রতিভাবান ক্রিকেটাররা। ভারতীয় দল থেকে আছেন মায়াঙ্ক আগারওয়াল, কেএস ভরত, রাহুল চাহার, রবি বিষ্ণয়, আকাশ দীপের মতো পরিচিত মুখ। কেবল রবি বিষ্ণয় ও ভেঙ্কটেশ আইয়ার ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপির ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন।
বিদেশিদের তালিকায় চমকের পর চমক। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ম্যাথু শর্ট; ইংল্যান্ডের জেমি স্মিথ, জনি বেয়ারস্টো; নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র; লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাথিরানা—সর্বমোট ৪৩ জন বিদেশি রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়।
এই বিভাগেই মুস্তাফিজের সঙ্গী হয়েছেন গ্রিন, স্মিথ, মুজিব উর রহমান, নবীন-উল-হক, শন অ্যাবট, অ্যাস্টন আগর, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, জশ ইংলিসসহ আরও অনেকে। মজার ব্যাপার, ১৪টি দেশের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এবারের নিলামে। এমনকি মালয়েশিয়ার অলরাউন্ডার বিরানদীপ সিং নাম লিখিয়েছেন। যার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।
এমআই