টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই প্রতিনিধি
খেলা ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ১৭:১৯
ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ দল। বিসিবির অনড় অবস্থানের কারণে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের জায়গা দখল করেছে স্কটল্যান্ড। তবে দল না থাকলেও বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব একেবারে হারিয়ে যাচ্ছে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে, যেখানে জায়গা করে নিয়েছেন এই দুই বাংলাদেশি।
বিশ্বকাপজুড়ে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ছয়জন। তাঁদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের ডিন কস্কার, অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন এবং ভারতের জাভাগাল শ্রীনাথ।
অন্যদিকে আম্পায়ারদের তালিকায় বিশ্ব ক্রিকেটের পরিচিত অনেক নামের সঙ্গে আছেন বাংলাদেশের এই দুই প্রতিনিধি। কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, নিতিন মেনন, পল রেইফেলের মতো অভিজ্ঞদের কাতারে দেখা যাবে গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকেও।
আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংগলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইট।
এমআই