Advertisement
Us Bangla Airlines
পিএসএলে প্রথমবার দায়িত্ব পালনে বাংলাদেশি আম্পায়ার

পিএসএলে প্রথমবার দায়িত্ব পালনে বাংলাদেশি আম্পায়ার

খেলা ডেস্ক

২৫ মার্চ ২০২৬, ১৮:০৫

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মানেই তারকাদের মিলনমেলা। সেই মঞ্চেই এবার নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।

পিএসএলের একাদশ আসর সামনে রেখে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ এই বাংলাদেশি আম্পায়ার। বিশ্বমানের আম্পায়ারিং নিশ্চিত করতে আইসিসি এলিট প্যানেলের পাঁচ সদস্যের একজন হিসেবেই অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।

পিএসএলে প্রথমবার দায়িত্ব পালনে বাংলাদেশি আম্পায়ার

সৈকতের সঙ্গে দায়িত্ব পালন করবেন আহসান রাজা, ক্রিস গাফানি, অ্যালেক্স ওয়ার্ফ ও আলাহউদ্দিন পালেকারের মতো অভিজ্ঞ আম্পায়াররা। পাশাপাশি আন্তর্জাতিক প্যানেল থেকে থাকছেন ক্রিস ব্রাউন। আর ঘরোয়া আম্পায়ারদের মধ্যেও থাকছেন বেশ কয়েকজন পরিচিত মুখ।

শুধু আম্পায়ারিং নয়, ম্যাচ রেফারির প্যানেলেও এবার চমক রেখেছে পিসিবি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসন প্রথমবারের মতো পিএসএলে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ রোশান মহানামা।

আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন নবী

উদ্বোধনী ম্যাচেই থাকছে জমজমাট আয়োজন। লাহোর কালান্দার্স ও হায়দ্রাবাদ কিংসের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ওয়ার্ফ ও আহসান রাজা। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আসিফ ইয়াকুব, আর চতুর্থ আম্পায়ার তারিক রশিদ। ম্যাচ রেফারি হিসেবে টুর্নামেন্ট শুরু করবেন রোশান মহানামা।

এমআই