১৫ বলে ফিফটি করেও রেকর্ড ভাঙতে পারলেন না সোহান
খেলা ডেস্ক
০২ জুন ২০২৬, ১৯:৩০
জাতীয় দলে আসার আগেই পাওয়ার হিটিংয়ে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন হাবিবুর রহমান সোহান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবারও সেই বিস্ফোরক ব্যাটিংয়ের ঝলক দেখা গেল, তবে ইতিহাস গড়েও একক রেকর্ডের মালিক হতে পারলেন না এই ব্যাটার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ম্যাচে হৃদয়ের সেঞ্চুরিতে ৩৩৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মোহামেডান। সেই লক্ষ্য তাড়ায় লেজেন্ডস অব রূপগঞ্জের ইনিংস শুরু করতে নামেন সোহান। শুরুটা ছিল সংযত, প্রথম তিন বল কোনো রান না নিয়েই কাটিয়ে দেন তিনি। এরপরই ব্যাটে নামে তাণ্ডব।
তাসকিন আহমেদের এক ওভারেই খেলার মোড় ঘুরিয়ে দেন সোহান। একই ওভারে দুই চার ও দুই ছক্কায় গুঁড়িয়ে দেন বোলিং আক্রমণ। এরপর বাংলাদেশের সবচেয়ে গতিময় বোলার নাহিদ রানাকেও ছাড় দেননি তিনি। এক ওভারেই তিন ছক্কা ও দুই চার মেরে তুলে নেন ২৬ রান।
তাসকিন ও নাহিদের মতো পেসারদের ওপর এমন আক্রমণ চালিয়ে মাত্র ১৫ বলেই ফিফটি পূর্ণ করেন সোহান। তবে এতেও একক রেকর্ড হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের যৌথ দ্রুততম ফিফটির কীর্তিতে ভাগ বসাতে হয়েছে তাকে।
এই রেকর্ডের মালিক ছিলেন পারভেজ হোসেন ইমন, যিনি গত ডিপিএলে আবাহনীর হয়ে ১৫ বলেই ফিফটি করেছিলেন। এবার সেই তালিকায় সমান জায়গা করে নিলেন সোহান। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম ফিফটি (১৮) ফরহাদ রেজার। তৃতীয় স্থানে আছেন নাজমুল হোসেন (১৯)।
বিশ্ব ক্রিকেটে লিস্ট ‘এ’ দ্রুততম ফিফটির রেকর্ড এখনও শ্রীলঙ্কার কৌশল্য উইরারাত্নের দখলে। ২০০৫ সালে মাত্র ১২ বলে ফিফটি করেছিলেন তিনি। সেই তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের সোহান ও ইমন।