টেস্টে টানা চার ম্যাচ আগে জিতেছিল বাংলাদেশ?
খেলা ডেস্ক
২০ মে ২০২৬, ১৩:০৩
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় লেখা হলো সিলেটে। পাকিস্তানকে টানা দ্বিতীয় টেস্টে হারিয়ে শুধু সিরিজ জেতেনি টাইগাররা, গড়েছে বিরল এক রেকর্ডও। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম টানা চার ম্যাচ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এমনকি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষেও টানা চার জয়।
একসময় পাকিস্তানের বিপক্ষে টেস্ট মানেই ছিল হতাশার গল্প। ২০২৪ সালের আগস্টের আগে দুই দলের ১৩ দেখায় বাংলাদেশের ঝুলিতে ছিল মাত্র একটি ড্র, বাকি ১২ ম্যাচেই হার। কিন্তু সময় বদলেছে নাটকীয়ভাবে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয় দিয়ে যে নতুন যাত্রা শুরু হয়েছিল, সেটি এখন ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে।
পাকিস্তানের মাটিতে প্রথম সিরিজ জয় ও হোয়াইটওয়াশের পর এবার ঘরের মাঠেও একই প্রতিপক্ষকে ধবলধোলাই করল নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর ও সিলেট মিলিয়ে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে একেবারেই দাঁড়াতে দেয়নি বাংলাদেশ।
সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ চার টেস্টেই জয় পেয়েছে টাইগাররা। টেস্ট ইতিহাসে কোনো দলের বিপক্ষে এত লম্বা জয়যাত্রা আগে ছিল না বাংলাদেশের। শুধু তাই নয়, সবশেষ আয়ারল্যান্ড সিরিজের দুই জয় ও পাকিস্তান সিরিজের দুই জয় ধরলে টানা চার টেস্ট জয়ের কীর্তিও এটাই প্রথম।
এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল টানা তিন টেস্ট জয়। ২০১৮ সালে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই কীর্তি গড়েছিল তারা। পরে ২০২৩ সালে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে হারিয়েও টানা তিন জয়ের দেখা পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে চার ম্যাচের জয়ের ধারায় এবারই প্রথম পৌঁছাল বাংলাদেশ।
এই জয়ের শুরুটা হয়েছিল ২০২৫ সালের নভেম্বরে। ঘরের মাঠে আয়ারল্যান্ডকে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হারানোর পর দ্বিতীয় টেস্টে ২১৭ রানের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। সেই ধারাবাহিকতা এবার গড়িয়েছে পাকিস্তান সিরিজেও। মিরপুরে ১০৪ রানের জয়ের পর সিলেটে পাকিস্তানকে হারিয়েছে ৭৮ রানে।
এমআই