ক্রিকেটারদের অবসর ইস্যুতে নতুন নিয়ম আনছে ভারত
খেলা ডেস্ক
০৪ জুন ২০২৬, ২৩:১০
ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ নিয়ে বেশ কঠোর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশটির আন্তর্জাতিক, ঘরোয়া কিংবা আইপিএল খেলা কোনো সক্রিয় ক্রিকেটার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারেন না। কেবল অবসরের ঘোষণা দিলেই বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ মিলে। ক্রিকেটারদের সেই সুযোগ নেওয়াটাও এখন মেনে নিতে পারছে না বিসিসিআই।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। কিন্তু অবসর নেওয়ার পাঁচদিনের মাথায় লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) নাম লেখান ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। বিদেশি লিগ খেলতে অবসর নেওয়ার ঘটনায় এবার নড়েচড়ে বসেছে বিসিসিআই। তাতে ক্রিকেটারদের অবসর ইস্যুতে নতুন নিয়ম প্রণয়নের পরিকল্পনা করছে দেশটি।
বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ফলে অবসর নেওয়া ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নিয়ে নতুন নির্দেশনা আসতে পারে। এমনকি অবসর নেওয়ার কত সময়ের মধ্যে বিদেশি লিগে খেলতে পারবে, সেই সময়ও বেঁধে দেওয়া হতে পারে।
অবসর নিয়ে বিদেশি লিগে নাম লেখানোর ঘটনায় বিজয় শঙ্কর নতুন নয়। এর আগে দিনেশ কার্তিক, যুবরাজ সিং, উন্মুক্ত চাঁদ, প্রবীণ তাম্বে এবং ইরফান পাঠানসহ আরও বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার অবসরের পর বিদেশি লিগে অংশ নিয়েছেন। সবশেষ বিপিএলের নিলামে নাম লিখিয়েছেন ভারতের পীযূষ চাওলা। যদিও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
বিসিসিআইয়ের বর্তমান নীতি অনুযায়ী, ভারতের কোনো সক্রিয় ক্রিকেটার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারেন না। কিন্তু অবসর নেওয়ার পর এই নিয়মে কঠোরতা আসলে বেশ বিপাকে পড়বে ভারতীয় ক্রিকেটাররা।