Advertisement
Us Bangla Airlines
২৬ বছরে যে পরিসংখ্যানে ‘প্রথম’ বাংলাদেশ

২৬ বছরে যে পরিসংখ্যানে ‘প্রথম’ বাংলাদেশ

খেলা ডেস্ক

২০ মে ২০২৬, ২০:০০

সিলেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আনন্দের মধ্যেই আরও একটি সুখবর পেল বাংলাদেশ। আইসিসির হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান।

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এই প্রথম র‍্যাঙ্কিংয়ের সাতে জায়গা করে নিল বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে একবার অষ্টম স্থানে উঠেছিল টাইগাররা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল তারা।

সিলেট টেস্ট শেষ হওয়ার পরপরই নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানোর ফলেই বড় এই উন্নতি হয়েছে বাংলাদেশের। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে নবম থেকে সরাসরি সপ্তম স্থানে উঠে এসেছে টাইগাররা।

বাংলাদেশের এই উত্থানে পিছিয়ে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ হারের ধাক্কায় পাকিস্তান দুই ধাপ নেমে এখন অষ্টম স্থানে। তাদের রেটিং পয়েন্ট ৭৫। আর এক ধাপ পিছিয়ে নবমে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের ঠিক ওপরে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৮৬। তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট ১৩১। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৬৭। পাকিস্তানের ছিল ৮৯। অর্থাৎ মাত্র দুই টেস্টের ব্যবধানে বাংলাদেশ যোগ করেছে ১১ পয়েন্ট, আর পাকিস্তান হারিয়েছে ১৪।

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক উন্নতিরই প্রতিফলন দেখা যাচ্ছে র‍্যাঙ্কিংয়ে। আয়ারল্যান্ডকে হারানোর পর এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টানা চার টেস্ট জয়ের রেকর্ডও গড়েছে শান্তর দল। আর সেই ধারাবাহিক সাফল্যেই এসেছে ২৬ বছরের ইতিহাসে নতুন এই মাইলফলক।

এমআই