বক্তব্যের মাঝেই স্ত্রীর কল রিসিভ, প্রশংসায় ভাসছেন গাভাস্কার
খেলা ডেস্ক
০৬ জুন ২০২৬, ১১:৪৭
ক্রিকেট মাঠে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন সুনীল গাভাস্কার। তবে এবার ব্যাট হাতে নয়, এক মানবিক ও মজার ঘটনায় আলোচনায় উঠে এলেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি। স্ত্রীর ফোন আসতেই বক্তৃতা থামিয়ে কল রিসিভ করেন তিনি। আর সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার বইতে শুরু করে।
সম্প্রতি শ্রী সত্য সাই সঞ্জীবনী সেন্টার ফর চাইল্ড হার্ট কেয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাভাস্কার। ‘গিফট অব লাইফ’ উদ্যোগের আওতায় হৃদরোগে আক্রান্ত প্রায় ৮৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর সফল অস্ত্রোপচার উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব বোম্বে এয়ারপোর্ট।
মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন গাভাস্কার। এমন সময় বেজে ওঠে তাঁর মোবাইল ফোন। প্রথমে কথা বলতে থাকলেও কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বের করে উপস্থিত দর্শকদের উদ্দেশে হাসতে হাসতে বলেন, ‘এটা নিশ্চয়ই আমার স্ত্রীর ফোন।’
এরপর তিনি বক্তব্য থামিয়ে কল রিসিভ করেন। ফোন ধরার আগে রসিকতা করে বলেন, ‘একটু ধরতেই হবে। আমাকে মনে করিয়ে দিতে ফোন করেছে, যেন বেশি কথা না বলি।’ তাঁর এমন মন্তব্যে হাসিতে ফেটে পড়ে পুরো হল। দর্শকদের অনেকেই মুগ্ধ হয়ে প্রতিক্রিয়া জানান, আর মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
অনুষ্ঠানে শিশুদের হৃদরোগ চিকিৎসা উদ্যোগ নিয়েও কথা বলেন গাভাস্কার। তিনি জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবার আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা পায় না। এমন শিশুদের জন্য এই উদ্যোগ নতুন জীবনের সুযোগ তৈরি করছে।
গাভাস্কার বলেন, ‘আমাদের সফলতার হার ৯৯ শতাংশেরও বেশি। অস্ত্রোপচারের পর যখন অভিভাবকরা জানতে পারেন তাদের সন্তানের অপারেশন সফল হয়েছে, তখন তাদের চোখের আনন্দাশ্রু দেখার অনুভূতি আমার কাছে দ্বিশতক করার আনন্দের চেয়েও বেশি তৃপ্তিদায়ক।’
এ সময় তিনি ভারতের উদীয়মান ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী সম্পর্কেও কথা বলেন। তরুণ এই ক্রিকেটার সম্প্রতি গাভাস্কারকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছিলেন। বিষয়টি নিয়ে গাভাস্কার বলেন, ‘নতুন প্রজন্মের কেউ আমাকে অনুপ্রেরণা বলে মনে করে, এটা সত্যিই আশীর্বাদের মতো। এমন স্বীকৃতি আমাকে কৃতজ্ঞ ও আনন্দিত করে।’